মশার কয়েলের আগুনে পুড়ল ৬০ ঘর, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাকলিয়ার মিয়ানগর এলাকার আগুনে ৬০টি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় নিহত হয়েছেন এক ব্যক্তি। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ঘর তালাবদ্ধ থাকায় আগুন লাগলেও বের হতে পারেননি নূর মোহাম্মদ (৫৫)।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া প্রথম আলোকে জানান, নূর মোহাম্মদের ছেলে রিকশাচালক। রাতে ঘর থেকে বের হওয়ার সময় তাঁর পিতার ঘুমের ব্যাঘাত হবে—এই ভেবে বাইরে থেকে তালা দিয়ে যায়। এ কারণে আগুন লাগার পর দ্রুত আশপাশের ঘর থেকে লোকজন বেরিয়ে আসতে পারলেও নূর মোহাম্মদ বের হতে পারেননি।

ফায়ার সার্ভিস জানায়, রোববার রাত সাড়ে ১২টায় মিয়ানগর এলাকার একটি কাঁচা বসতঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। ওই বস্তি এলাকায় ৬০টি কাঁচা বসতঘরে নিম্নআয়ের লোকজন বসবাস করত। ওপরে টিন ও পাশে বেড়া দিয়ে এক কক্ষবিশিষ্ট ৬০টি বসতঘর বানানো হয়েছে। আগুন লাগার পর দ্রুতই তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে যেতে ফায়ার সার্ভিসের কর্মীদের হিমশিম খেতে হয়। কারণ, মূল সড়ক থেকে দুই কিলোমিটার সরু গলি পেরিয়ে ঘটনাস্থলে যেতে হয়েছে। আবার রাস্তার ওপর ১০টি ট্রাক দাঁড়িয়ে ছিল। বস্তিঘরের পেছনে খাল থাকলেও সেখানে যেতে সময় লাগায় খালের পানিও পুরোপুরি ব্যবহার করা যায়নি।