মশার কামড়ে অতিষ্ঠ মানুষ, ওষুধে কাজ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে মশার উপদ্রব বেড়েছে। বিভিন্ন এলাকার জলাশয়গুলো নিয়মিত পরিষ্কার না করায় এগুলো মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। মশার যন্ত্রণায় অতিষ্ঠ রাজধানীবাসী অভিযোগ করছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের কাছে। দুই সিটি করপোরেশন বলছে, মশার উপদ্রব বন্ধে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশনের চারজন কাউন্সিলরের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার বাসিন্দারা মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে তাঁদের কাছে অভিযোগ জানিয়েছেন। উপদ্রব বাড়ায় মশা নিয়ন্ত্রণে দুই বেলা ওষুধ ছিটানো হচ্ছে। এই চার কাউন্সিলর মিরপুর, মোহাম্মদপুর, আজিমপুর ও লালবাগ এলাকার।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাসিবুর রহমান প্রথম আলোকে বলেন, সারা বছরই মশার ওষুধ ছিটানো হয়। কয়েক দিন ধরে মশার উৎপাত বাড়ায় সব এলাকায় সকাল-বিকেল দুই বেলা ওষুধ দেওয়া হচ্ছে। তারপরও কোনো এলাকায় কাজ না হলে কেউ খবর দিলে ওষুধ ছিটানোর জন্য লোক পাঠানো হচ্ছে।

রাজধানীর বিভিন্ন এলাকার জলাশয়গুলো নিয়মিত পরিষ্কার না করায় এগুলো মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। ময়লা-আবর্জনা ভরা ডোবা ও খালগুলোয় পলিথিন ও প্লাস্টিকের বোতল জমে থাকায় এবং পানি ঠিকমতো নামতে না পারায় দূষিত পানিতে মশার জন্ম হচ্ছে। গুলশান-বনানী লেক, রামপুরা খাল, মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল, রূপনগর খাল সব কটির প্রায় একই চিত্র। বারোয়ারি ময়লা বর্জ্য জমে পানিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় এগুলো মশা জন্মাচ্ছে।

রূপনগর এলাকার বাসিন্দা ইমতিয়াজ হক বলেন, শীতে মশার এত দাপট। কোনো দিন ভুলে জানালা খোলা থাকলে সেদিন আর কোথাও দু মিনিট বসা যায় না। মশার ভয়ে সারা দিনই দরজা-জানালা বন্ধ করে রাখতে হচ্ছে।

বিভিন্ন এলাকার মানুষ অভিযোগ করেছেন, তাঁদের এলাকায় প্রতিদিন মশা মারার ওষুধ ছিটানো হয় না। দিনের বেলাতেই মশার যন্ত্রণায় তাঁরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। রাত হলে এ যন্ত্রণা আরও বাড়ে। কয়েল, মশারি, ওষুধ স্প্রে কোনো কিছুতেই মশা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

ডিএনসিসির ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে এলাকার লোকজন মশার উৎপাত বেড়েছে বলে জানাচ্ছেন। মশা নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। মশার লার্ভা ধ্বংস করতে সকালে তরল ওষুধ ছিটানো হচ্ছে আর উড়ন্ত মশা মারতে বিকেলে ফগার মেশিন ব্যবহার করা হচ্ছে।

গত বছরের ২৮ এপ্রিল মেয়র নির্বাচনের আগে ঢাকার দুই মেয়রই বলেছিলেন, ঢাকার অন্যতম প্রধান সমস্যা মশা। মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির ২৭৯ এবং ডিএসসিসির ২৮৪ জন কর্মী আছেন। মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশন নিয়মিত ওষুধ স্প্রেসহ নানা ব্যবস্থা গ্রহণ করছে।

২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেট অনুযায়ী মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ব্যয় করেছে ১১ কোটি ৯৫ লাখ টাকা। ডিএনসিসির চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে বরাদ্দ রাখা হয়েছে ২৩ কোটি ২৫ লাখ টাকা।

মশক নিয়ন্ত্রণে বাজেট বরাদ্দে কিছুটা পিছিয়ে দক্ষিণ সিটি করপোরেশন। ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেট অনুযায়ী ডিএসসিসি মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে ব্যয় করেছে ৯ কোটি ৯০ লাখ টাকা। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে বরাদ্দ রাখা হয়েছে ১১ কোটি ৫০ লাখ টাকা।

উভয় সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে, মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম হিসেবে পত্রিকায় বিজ্ঞাপন, লিফলেট বিতরণ ও পোস্টার লাগানো হয়েছে।

মশা না কমা প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক  আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিচ্ছিন্নভাবে ওষুধ ছিটিয়ে মশা নিয়ন্ত্রণ সম্ভব না। মশার প্রজননক্ষেত্রগুলো চিহ্নিত করে সেগুলো ধ্বংস করতে হবে। মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের সঙ্গে জড়িত লোকজনের দক্ষতা বাড়াতে হবে। মশার ওষুধগুলো কাজ করছে কি না, কোন ধরনের ওষুধ দেওয়া প্রয়োজন, সে সব বিষয়ে গবেষণা জরুরি।