মশার কয়েলে ক্ষতিকর উচ্চমাত্রার রাসায়নিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে প্রচলিত ২০টি ব্র্যান্ডের মশার কয়েল পরীক্ষা করে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উচ্চমাত্রার রাসায়নিক পদার্থ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে স্বাস্থ্য-বিষয়ক এক সেমিনারে এ তথ্য দেওয়া হয়।
স্বাস্থ্য-বিষয়ক ওয়েব পোর্টাল ‘আমার হেলথ ডটকম’ আয়োজিত সেমিনারে জানানো হয়, সম্প্রতি সিঙ্গাপুরের একটি গবেষণাগারে বাংলাদেশের ২৪টি ব্র্যান্ডের মশার কয়েল পরীক্ষা করা হয়। এগুলোর অধিকাংশের বিএসটিআইয়ের অনুমোদন নেই। গবেষণায় কয়েলের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) নির্ধারিত সর্বোচ্চ দশমিক শূন্য ৩ মাত্রার (এই মাত্রা মশা তাড়াতে কার্যকর, কিন্তু মরবে না) অধিক সক্রিয় রাসায়নিক উপাদান (অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট) পাওয়া গেছে। এসব কয়েলের ধোঁয়ায় মশা, তেলাপোকাসহ কীটপতঙ্গ মারা পড়ছে। অথচ কয়েল কোম্পানিগুলোর মোড়কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত মাত্রারই উল্লেখ আছে।
সেমিনারে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, এসব কয়েল ব্যবহারের ফলে ক্যানসার, শ্বাসনালিতে প্রদাহসহ বিকলাঙ্গতার মতো ভয়াবহ রোগ, এমনকি গর্ভের শিশুর ক্ষতি হতে পারে। লিভার-কিডনি বিকল হওয়া, ত্বকে চুলকানি, অ্যালার্জিসহ নানা চর্মরোগ হতে পারে।
সেমিনারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি অনুমোদনহীন ও উচ্চমাত্রার রাসায়নিক ব্যবহৃত ক্ষতিকর কয়েলের বাজারজাত বন্ধে কঠোর শাস্তি প্রয়োগে বিএসটিআইসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। পাশাপাশি এ বিষয়ে জনগণ ও গণমাধ্যমকে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানান।
সেমিনারে গবেষণা পরীক্ষার ফলাফল উপস্থাপন করেন মালয়েশিয়ার সুমিতোমো কেমিক্যালের পরিচালক মুনি সেরিট। এতে আমার হেলথ ডটকমের সম্পাদক অপূর্ব পণ্ডিত সভাপতিত্ব করেন।