মশার যন্ত্রণায় রাস্তায় মশারি টানিয়ে অবস্থান

সন্ধ্যা নামলেই মশার যন্ত্রণা। কিন্তু সিটি করপোরেশন নির্বিকার। এমন অভিযোগে মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসীকে যন্ত্রণা থেকে রেহাই দিতে গতকাল বুধবার দুপুরে নগর ভবনের সামনে এক ঘণ্টার অভিনব এক কর্মসূচি পালন করেছে সিলেট কল্যাণ সংস্থা নামের একটি সামাজিক সংগঠন।
নগর ভবনের ফটকের সামনে রাস্তার ওপর তিনটি মশারি টানিয়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে মশা নিধন অভিযান শুরুর আহ্বান জানায় তারা। অন্যথায় সংগঠনের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
অভিনব এই কর্মসূচি পালনকালে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র কারাবন্দী থাকায় অনেকটা অভিভাবকহীন হয়ে পড়েছে নগরবাসী। এ অবস্থায় শীত মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে মশা নিধন অভিযান শুরু না করায় সন্ধ্যা নামলেই চরম যন্ত্রণায় পড়ছে নগরবাসী। মশার যন্ত্রণায় নিম্ন আয়ের লোকজন বেশি বিপাকে রয়েছেন দাবি করে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে মশার হাত থেকে রেহাই পেতে অনেক পরিবার সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ঘরে মশারি টানাতে বাধ্য হয়। নগরবাসীর এই অবস্থা প্রতীকীভাবে দেখাতেই সংগঠনের পক্ষ থেকে মশারি টানিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে প্রতিবাদ সমাবেশও হয়। এতে সংগঠন ছাড়াও সিটি করপোরেশনের নাগরিক ও পেশাজীবীরা ব্যক্তিগতভাবে কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন। সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও কামাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে যুক্তরাজ্য কমিউনিটি নেতা রজব আলী দেওয়ান, ফজলুল করিম চৌধুরী, এমদাদুল হক চৌধুরী, রাশেদুজ্জামান রাশেদ, হুমায়ূন রশিদ চৌধুরী, বিপ্র দাস বিশু প্রমুখ বক্তব্য দেন।
সিটি করপোরেশনের নজর কাড়তেই এ কর্মসূচি পালন করা হয়েছে জানিয়ে সংগঠনের সভাপতি প্রথম আলোকে বলেন, ‘আমরা ১৫ দিনের সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে মশা নিধন অভিযান শুরু না করলে, নগর ভবনের সামনে মশারি টানিয়ে শোয়া কর্মসূচি পালন করা হবে।’
এ কর্মসূচির ব্যাপারে যোগাযোগ করা হলে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট দপ্তর জানায়, শীত মৌসুমের শেষের দিকে গত ডিসেম্বরে নগরের ২৭টি ওয়ার্ডে এক দফা মশা নিধন অভিযান চালানো হয়েছে। দ্বিতীয় দফায় শুরু হওয়া এই নিধন অভিযান প্রায় এক সপ্তাহ ধরে চলমান আছে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব কর্মসূচি পালনকারী সংগঠনের নেতাদের উদ্দেশ্য করে বলেন, মশা নিধন অভিযান একটি চলমান প্রক্রিয়া। এটি চলছে। এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন করা হলে সিটি করপোরেশনের পক্ষ থেকে তাৎক্ষণিক মশার ওষুধ ছিটানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়