মশার যন্ত্রণায় অতিষ্ঠ বেড়া শহরের মানুষ
মশার উৎপাতে অতিষ্ঠ পাবনার বেড়া শহরের মানুষ। দিনের বেলায়ও মশারি টানাতে কিংবা মশার কয়েল জ্বালাতে হচ্ছে। কিন্তু পৌরসভার পক্ষ থেকে এখনো মশা নিধনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
পৌরসভা সূত্রে জানা যায়, মশা নিধনের জন্য পৌরসভার তিনটি ফগার মেসিন আছে। অন্যান্য বছর এগুলোর সাহাযে৵ মশা নিধন করা হলেও গত বছর থেকে তা বন্ধ রয়েছে। প্রয়োজনীয় ওষুধের অভাবে ফগার মেসিনগুলো চালানো যাচ্ছে না।
শহরের কয়েকজন বাসিন্দা বলেন, গরমের শেষে মশার উৎপাত বেড়ে যায়। তার ওপর এবার বর্ষায় পৌর এলাকার বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। সেই পানি এখনো অনেক এলাকায় জমে আছে। ফলে মশার উৎপাত বেড়েছে আরও। এর মধ্যে শহরের শেখপাড়া, বনগ্রাম, হার্ডওয়্যাপট্টি, দক্ষিণপাড়া, বৃশালিখাসহ কয়েকটি স্থানে মশা বেশি।
সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যার পরে মশার যন্ত্রণা বেড়ে যায়। বিভিন্ন এলাকায় দিনের বেলাতেও মশারি টানিয়ে রাখতে অথবা মশার কয়েল জ্বালিয়ে রাখতে দেখা গেছে।
বেড়া বাজার এলাকার বাসিন্দা ওয়াহিদুজ্জামান বলেন, ‘দুপুরের পর থেকে ঘরে মশার কয়েল জ্বালায়া রাখা লাগে। তাতেও ঠিকমতো মশা যায় না। আগে পৌরসভার পক্ষ থেকে নিয়মিত ধোঁয়া ও মশার ওষুধ ছড়ানো হতো। কিন্তু দুই-তিন বছর ধরে তা বন্ধ আছে।’
হাতিগাড়া মহল্লার বাসিন্দা ও হোটেল ব্যবসায়ী এনামুল হক বলেন, তাঁর মেয়ে এবার জেএসসি পরীক্ষা দিচ্ছে। ফ্যান বন্ধ করলে মশা লাগে আর ফ্যান ছাড়লে ঠান্ডা লাগে। তাই বাধ্য হয়ে দিনের বেলাতেও মশার কয়েল জ্বালাতে হচ্ছে। মশারির মধ্যে তাঁর মেয়ে পড়াশোনা করছে।
বেড়া পৌরসভার প্যানেল মেয়র আবদুস সামাদ মহলদার বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে আমরা মশা নিধনের কাজ শুরু করতে যাচ্ছি। এ ব্যাপারে ফগার মেশিনগুলো কাজে লাগানোর পাশাপাশি আরও কিছু পরিকল্পনা রয়েছে।’