মশারির জাল দিয়ে পোনা নিধন!
কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার উপকূলে নিষিদ্ধ মশারির জাল বসিয়ে অবাধে বাগদা ও গলদার রেণু পোনা নিধন করা হচ্ছে। গতকাল রোববার সকালে পেকুয়া উপজেলার কুতুবদিয়া চ্যানেল তীরবর্তী মগনামা উপকূলীয় এলাকায় গিয়ে দেখা যায়, মগনামার শরৎঘোনা থেকে কাকপাড়া পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে বাগদা ও গলদার রেণু পোনা ধরতে বসানো হয়েছে সহস্রাধিক মশারির জাল। এসব রেণু পোনা ধরতে গিয়ে জেলেরা নষ্ট করছেন অন্য প্রজাতির মাছের পোনা। ওই এলাকার মৎস্য শিকারি মকছুদ আহমদ বলেন, বাগদা ও গলদার রেণু পোনা ধরতে গেলে অন্য প্রজাতির পোনা মারা যাবে, তা মৎস্য অফিস থেকে শুরু করে সবাই জানে। পোনা ধরার কাজে মগনামা ও উজানটিয়ার ২০ হাজার মানুষ জড়িত। তাঁরা এখান থেকেই জীবন-জীবিকা নির্বাহ করেন। তিনি আরও বলেন, যদি পোনা ধরা বন্ধ করতে হয়, তাহলে অন্য পেশায় কর্মসংস্থান বাড়াতে হবে। এ ছাড়া চকরিয়া উপজেলার বদরখালী, পেকুয়ার উজানটিয়া, রাজাখালীসহ বিভিন্ন এলাকায় একইভাবে পোনা নিধন করার দৃশ্য চোখে পড়ে। চকরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের নদ-নদীতে একটি জরিপ চালায়। ওই জরিপে দেখা গেছে, একটি বাগদা বা গলদার রেণু ধরতে গিয়ে পোনা সংগ্রহকারীরা ৩৮ প্রজাতির চিংড়ি ছাড়াও ছয় প্রজাতির অন্যান্য মাছ, ১০০ প্রজাতির জলজ প্রাণী ও ৫৬ প্রজাতির জুপ্লাংকটন ধ্বংস করে। মগনামা ইউপি চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরী বলেন, মগনামার প্রায় ২০ হাজার মানুষ পোনা ধরার কাজে নিয়োজিত। এখানে পোনা ধরা বন্ধ করলে অনেক পরিবার না খেয়ে মরবে। তাদের বিকল্প কর্মসংস্থানের মধ্য দিয়ে পোনা ধরা বন্ধ করা যেতে পারে। পেকুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, এপ্রিল থেকে জুলাই পর্যন্ত যেকোনো মূল্যে পোনা আহরণ বন্ধ রাখতে হবে। এ সময় পোনা ধরলে দেশের সামুদ্রিক মৎস্যভান্ডারের চরম ক্ষতি হবে। তিনি আরও বলেন, পোনা ধরা বন্ধ করতে জনসচেতনতার পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত বসাতে হবে।