মশাল জ্বালিয়ে শহীদদের স্মরণ, বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে উদীচী ট্র্যাজেডি স্তম্ভে ফুল দিয়ে ও ১০টি মশাল জ্বালিয়ে গতকাল সোমবার উদীচী বোমা হামলায় নিহত ১০ জনকে স্মরণ করা হয়েছে। দিনটি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, হামলার ঘটনার নতুন করে তদন্ত করতে হবে; প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে।
১৯৯৯ সালে যশোর টাউন হল মাঠে উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনস্থলে হামলার দিন ৬ মার্চকে ‘যশোর হত্যাকাণ্ড দিবস’ হিসেবে পালন করেন উদীচীর সদস্যরা। গতকাল সন্ধ্যায় টাউন হল মাঠে অবস্থিত উদীচী ট্র্যাজেডি স্তম্ভে ফুল দেওয়ার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে স্মৃতিস্তম্ভের পাশের রওশন আলী মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ পর্ব শুরু হয় ‘ঝরেছে রক্ত ঝরুক রক্ত আমরা হারব না, সাথিদের খুনে রাঙা রাজপথ আমরা ছাড়ব না...’ উদীচীর বন্ধুদের কণ্ঠে এ গণসংগীতের মাধ্যমে।
আলোচনাসভায় বক্তব্য দিতে গিয়ে উদীচীর সেই সম্মেলনের চেয়ারম্যান ও যশোর গণজাগরণ মঞ্চের সভাপতি আইনজীবী কাজী আবদুস শহীদ বলেন, উদীচী বোমা হামলা মামলার বর্তমানে যে অবস্থা, তাতে সুষ্ঠু বিচার পাওয়ার কোনো সম্ভাবনা নেই। নতুন করে মামলার সুষ্ঠু তদন্ত করতে হবে। প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। নারকীয় ওই হত্যাকাণ্ডের ন্যায়বিচার পেতে সাংস্কৃতিক কর্মীদের আইনগত ও গণ-আন্দোলনের দিকে এগোনোর পরামর্শ দেন তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদীচীর যশোর জেলা সংসদের সভাপতি ডি এম শাহিদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য্য। বক্তব্য দেন সামাজিক সংগঠন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যশোর শাখার সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান, বাংলাদেশ সংগীত শিল্পী সমন্বয় পরিষদ যশোরের সভাপতি আবু সালেহ, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবীবা শেফা, সিপিবির জেলা সভাপতি আবুল হোসেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, যশোর প্রেসক্লাবের সহসভাপতি মনতোষ বসু, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি শ্রাবণী সুর প্রমুখ।
আলোচনা সভা শেষে উদীচী হামলার ১০ শহীদের স্মরণে টাউন হল মাঠে অবস্থিত উদীচী ট্র্যাজেডি স্তম্ভের ওপরে ১০টি মশাল জ্বালিয়ে দেওয়া হয়।