মশায় অতিষ্ঠ খুলনা নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উহ! মশার জ্বালায় আর বসা গেল না, এবার উঠতে হবে। মশা তো রক্ত খেয়ে শেষ করে ফেলল!’
খুলনা জাতিসংঘ শিশুপার্কে বসে এভাবেই মশার প্রতি ক্ষোভ ঝাড়ছিলেন হাসান মাহমুদ। সারা দিন অফিস করার পর ১৮ নভেম্বর সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তিনি। কিন্তু মশার উপদ্রবে বেশিক্ষণ বসতে পারলেন না। একরাশ বিরক্তি নিয়ে আড্ডা ছেড়ে উঠে পড়লেন।
হাসান মাহমুদ বলেন, খুলনায় মশার উপদ্রব খুব বেড়েছে। মশা নিধনে সিটি করপোরেশন কোনো পদক্ষেপ না নেওয়ায় দিন দিন তা আরও বাড়ছে। এভাবে চলতে থাকলে মানুষ ম্যালেরিয়াসহ নানা কঠিন রোগে পড়বে।
নগরের মৌলভীপাড়ায় ভাড়া থাকেন সরকারি চাকরিজীবী লোটাস মজুমদার। তিনি বলেন, মশার উপদ্রব এতটাই বেড়েছে যে কয়েল ছাড়া থাকা যায় না। প্রায় সময়ই কয়েল জ্বালিয়ে রাখতে হয়।
লোটাস মজুমদার ও হাসান মাহমুদের মতো খুলনা নগরের প্রতিটি মানুষ এখন অতিষ্ঠ। শিশুদের মশা থেকে রক্ষা করতে কেউ কেউ দিনের বেলায়ও মশারি টানিয়ে রাখছেন। স্কুলেও কয়েল জ্বালিয়ে রাখা হচ্ছে। একই অবস্থা কিছু কিছু অফিস-আদালতেও চলছে বলে জানা গেছে।
নগরবাসীর অভিযোগ, গরম শেষে এমনিতে মশার উৎপাত বেড়ে যায়। তার ওপর নালাগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। মশা নিধনে সিটি করপোরেশন কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
নগরের শিশুমেলা স্কুলের প্রধান শিক্ষক রেখা রানী মহান্ত বলেন, মশার উৎপাত সাম্প্রতিক সময়ে মারাত্মক বেড়েছে। স্কুলের পাশের বড় নালা ময়লা-আবর্জনায় প্রায় বন্ধ হয়ে গেছে। স্কুলের মাঠেও নালার নোংরা পানি জমে থাকে। ফলে এখানে মশার ভোগান্তি তুলনামূলক বেশি।
২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাজমা পারভীন থাকেন তিনতলায়। কিন্তু সেখানেও মশার উৎপাত। দিনের বেলায় বাচ্চাদের ম্যাজিক মশারির ভেতর রাখেন। সেখানেই খেলে ওরা। অন্য সময় কয়েল জ্বালিয়ে রাখেন।
রূপসা ট্রাফিক মোড় ৩০ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ওই এলাকার ফেরদৌস টি-স্টলের মালিক ফেরদৌস বলেন, কয়েক দিন ধরে মশার উপদ্রব খুব বেড়েছে। কিন্তু সিটি করপোরেশনের কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।
তবে সিটি করপোরেশনের দাবি, মশা নিধনে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে একটি করে ফগার মেশিন দেওয়া হয়েছে। প্রতিদিন এক ঘণ্টা করে ওয়ার্ড পর্যায়ে এ যন্ত্র চলবে।
খুলনা সিটি করপোরেশনের কনজারভেন্সি শাখার কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ২০১৫-১৬ অর্থবছরে কেনা অ্যাডাল্টিসাইড তেল গত ৯ অক্টোবর সিটি করপোরেশনে আসার পর ১০ অক্টোবর থেকে ওয়ার্ড পর্যায়ে এক ঘণ্টা করে স্প্রে শুরু হয়েছে। একই সঙ্গে ৩১টি ওয়ার্ডেই লার্ভাসাইড ও লাইট ডিজেল দেওয়া হচ্ছে। প্রতিদিন এক ঘণ্টা করে মেশিন চলবে। এতে প্রতি ওয়ার্ডে প্রতিদিন ১ হাজার ৩০০ টাকা ব্যয় হবে।
তবে নগরের ২৪ নম্বর ওয়ার্ডের নিরালা আবাসিক এলাকার এক বাসিন্দা গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময়ে তিনি তাঁর এলাকায় সিটি করপোরেশনের পক্ষ থেকে মশা নিধনে ওষুধ ছিটাতে দেখেননি।
খুলনার সিভিল সার্জন ইয়াছিন আলী সরদার বলেন, মশা তাড়াতে ঘরে যে স্প্রে বা কয়েল ব্যবহার করা হয়, তাতে ফুসফুসের নানা ধরনের রোগ হতে পারে। পাশাপাশি অ্যাজমা ও অ্যালার্জির মতো রোগ আরও বাড়িয়ে দেয়। তিনি আরও বলেন, মশার উপদ্রব বাড়লেও মশাবাহিত বিভিন্ন রোগ যেমন ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো কোনো রোগ খুলনায় এখনো ধরা পড়েনি।