মশিউর রিমােন্ড আইনজীবীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার হওয়া মশিউর রহমানকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমােন্ড নিয়েছে পুলিশ।
এদিকে নারায়ণগঞ্জের আইন-জীবীরা গতকাল বুধবারও এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন৷
গতকাল দুপুরে মশিউরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগমের আদালতে পাঠানো হয়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার বিকেলে যশোরের শার্শা থানা এলাকা থেকে মশিউরকে গ্রেপ্তার করা হয়। শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে তাঁর বাড়ি৷ এর আগে গত ১৫ মে শার্শা থেকে কামাল হোসেন নামে নূর হোসেনের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কামালকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে মশিউরকে গ্রেপ্তার করা হয়৷
সূত্রের দাবি, কামালের দেওয়া তথ্যে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে একের পর এক লাশ ভেসে ওঠার পর ১ মে যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে মশিউরের বাড়িতে আশ্রয় নেন নূর হোসেন। সেখানে দুই দিন অবস্থানের পর মশিউরের পরামর্শে নূর হোসেন ও স্থানীয় চোরাচালানি বাদশাকে মোটরসাইকেল করে রঘুনাথপুর সীমান্তে পৌঁছে দেন কামাল।
তবে মশিউর রহমানের দাবি, তাঁকে যশোর থেকে নয়, ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আর গত এক বছরের বেশি সময় ধরে নূর হোসেনের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ বা সাক্ষাৎ হয়নি।
থানা ও আদালতে আনা-নেওয়ার ফাঁকে মশিউর সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি যশোর থেকে নূর হোসেনকে ফেনসিডিল সরবরাহ করতেন। সেই সুবাদে িতনি সিদ্ধিরগঞ্জে বসবাস শুরু করেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়েও করেন সিদ্ধিরগঞ্জে। তিনি তৃতীয় আরেকটি বিয়ে করেছেন ঢাকায়। মাঝে সীমান্তে কিছু সমস্যার কারণে তিনি নূর হোসেনকে ফেনসিডিল সরবরাহ করতে পারেননি। এ কারণে নূর হোসেন তাঁর কাছে প্রতিদিন এক লাখ টাকা ব্যবসার ক্ষতি হচ্ছে দাবি করে ক্ষতিপূরণ দাবি করেন। একপর্যায়ে প্রাণনাশের হুমকি দিলে সিদ্ধিরগঞ্জে স্ত্রী-সন্তান রেখেই যশোরে গ্রামের বাড়িতে চলে যান বলে দাবি করেন মশিউর৷ গত এক বছর নূর হোসেনের সঙ্গে তাঁর কোনো ধরনের যোগাযোগ ছিল না৷
আইনজীবীদের বিক্ষোভ: নারায়ণগঞ্জের আইনজীবীরা গতকাল বুধবারও জেলা আইনজীবী সমিতি ও আইনজীবী সমন্বয় পরিষদ পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান জানিয়েছেন, তদন্ত দৃশ্যমান ও জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।