মশিউরের বিরুদ্ধে দুদকের মামলা চলবে
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার কার্যক্রম সচল হচ্ছে। প্রায় চার বছর পর মামলাটির কার্যক্রম শুরু হতে যাচ্ছে। গত ১৭ এপ্রিল হাইকোর্ট এক রায়ে ওই মামলার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করেন।
আজ মঙ্গলবার আদালতের ওই রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পেয়ে প্রথম আলোকে এ তথ্য জানান দুদকের আইনজীবী কে এম হাফিজুর রহমান।
দুদকের এ আইনজীবী জানান, মশিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিশেষ জজ আদালতে দুদকের একটি মামলা চলমান ছিল। ওই মামলার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে মশিউর রহমান হাইকোর্টে ফৌজদারি বিধির আবেদন (ক্রিমিনাল মিস কেস) করেন ২০০৯ সালের ১৭ ডিসেম্বর। শুনানি শেষে ওই মামলার ওপর ২০১০ সালের ১০ জুন স্থগিতাদেশ দেন আদালত। চূড়ান্ত শুনানির পর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ গত ১৭ এপ্রিল এক রায়ে ওই স্থগিতাদেশ প্রত্যাহার করেন। ফলে মশিউর রহমানের বিরুদ্ধে দুদকের করা ওই মামলা চলতে আর কোনো আইনগত বাধা রইল না।
উল্লেখ্য, ঝিনাইদহের সাবেক সাংসদ মশিউর রহমানের বিরুদ্ধে পাঁচ কোটি ৯১ লাখ ১২ হাজার ১৩৪ টাকার আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের তথ্য গোপন এবং ১০ কোটি পাঁচ লাখ ৬৯ হাজার ৩৩০ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়। ২০০৮ সালে ঝিনাইদহ থানায় দুদকের পক্ষে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন মৃধা। ওই মামলায় ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক মো নাসিরউদ্দিন।