নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর শ্রমিক লীগের সদস্যসচিব কামরুল হাসান মুন্নার বিরুদ্ধে বিদ্যালয় ও মসজিদের জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনিসহ ১০ জনের বিরুদ্ধে গত বুধবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী জজ চতুর্থ আদালতে মামলা হয়েছে।
অপর নয়জন হচ্ছেন আবদুল মতিন সিকদার, সাইদুর রহমান, মো. তৌহিদ হাসান, বাবু মল্লিক ওরফে ল্যাংড়া বাবু, আনোয়ার হোসেন দেওয়ান, আবদুল কুদ্দুস আজাদ, আমজাদুল ইসলাম আঞ্জু, নূরুল ইসলাম ইবনে কুব্বাত ও শাহ আলম। তাঁরা সবাই ১৮ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা এবং কাউন্সিলর মুন্নার সহযোগী।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহরতলীর শহীদনগর এলাকার বায়তুল জান্নাত জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, ৯ নম্বর নতুন গোগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি মনির হোসেনসহ ২২ জন বাদী হয়ে মামলাটি করেন। বাদীপক্ষের সবাই ওই মসজিদ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য।
আরজিতে উল্লেখ করা হয়, নতুন গোগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ শতাংশ ও বায়তুল জান্নাত জামে মসজিদের ৭ শতাংশ জায়গা বর্তমানে স্কুলের খেলার মাঠ এবং ঈদের জামাত ও মৃত ব্যক্তিদের জানাজার জন্য ব্যবহৃত হচ্ছে। এই ২২ শতাংশের মধ্যে ৪ শতাংশ কাউন্সিলর মুন্না অপর নয় আসামির যোগসাজশে দখল করে নিয়েছেন।
বাদীপক্ষ এই উদ্যোগের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা দিতে আদালতের কাছে আবেদন করে। আদালত ২২ মে এ আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন। কামরুল হাসান বলেন, আদালতে তাঁর বিরুদ্ধে মামলাসংক্রান্ত কোনো তথ্য তাঁর জানা নেই।