মসজিদ ভেঙে সরালেও সড়ক প্রশস্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের আলেকান্দা এলাকায় সড়কসংলগ্ন মসজিদ সরিয়ে সড়ক প্রশস্ত করার কথা ছিল৷ সে অনুযায়ী মসজিদ সরানোও হয়৷ কিন্তু সাবেক মেয়রের মৃত্যুর পর সিিট করপোরেশনের গািফলিতর কারণে সড়কটি প্রশস্ত করার কাজ বারবার থমকে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ সর্বশেষ ১১ মে পুরোনো সড়ক ঘেঁষে থাকা নর্দমার ওপরই ঢালাই দিয়ে সড়ক প্রশস্ত করার কাজ শেষ করার চেষ্টা চালান প্রকৌশলীরা। তবে মসজিদ কমিটি ও এলাকাবাসীর বাধায় আবার তা বন্ধ হয়ে যায়৷
গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, আলেকান্দা এলাকার পুলিশ লাইন-বাংলাবাজার সড়ক এবং বটতলা-ব্যাপ্টিস্ট মিশন সড়কের মোেড় বায়তুল মামুন জামে মসজিদ অবস্থিত৷ ১৯৫০ সালে সড়ক ঘেঁষে এটি নির্মাণ করা হয়। দিন দিন লোক চলাচল বাড়ায় সড়ক প্রশস্ত করার প্রয়োজনীয়তা দেখা দেয়৷ সেই সঙ্গে মসজিদেও মুসল্লিদের স্থান সংকুলান হচ্ছিল না৷ এ অবস্থায় মসজিদ ভেঙে বাংলাবাজার ও বটতলা সড়কের পাশ থেকে কিছুটা সরিয়ে মসজিদ বড় করাসহ ওই মোড়ে প্রশস্ত করার উদ্যোগ নেন তৎকালীন মেয়র শওকত হোসেন৷ সে অনুযায়ী মসজিদটি ভেঙে সরিয়ে নেওয়া হয়৷ বর্তমানে নতুন স্থানে মসজিদের নির্মাণকাজ শেষের পথে৷
মসজিদ কমিটি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল সাবেক মেয়র শওকত হোসেন মারা যাওয়ার পর সিটি করপোরেশন সড়ক প্রশস্তকরণ প্রকল্পটি বাতিল করে দেয়। তার পরিবর্তে সড়কের পুরোনো সীমানা ঘেঁষে থাকা নর্দমার ওপর ঢাকনা (স্ল্যাব) বসানোর জন্য ৪ মে ঢালাই কাজ শুরু করে। কিন্তু স্থানীয় লোকজনের বাধায় ঢালাই বন্ধ রেখে ৫ মে থেকে নর্দমা পরিষ্কার করার কাজ শুরু করে সিটি করপোরেশন। মসজিদের মুয়াজ্জিন জাকির হোসেন বলেন, ‘মসজিদ এবং রাস্তা দুটোই বড় করার জন্য সাবেক মেয়র তখন মসজিদটি ভেঙেছিলেন। এখন তো দেখছি সড়ক প্রশস্ত হচ্ছে না। আগের জায়গায়ই নর্দমা হচ্ছে। তাহলে আর মসজিদটি ওই জায়গা থেকে সরানোর কী দরকার ছিল?’
মসজিদ কমিটির হিসাব নিরীক্ষক আফজাল হুসাইন প্রথম আলোকে বলেন, ‘আগেরবার পুরোনো নালার ওপরই ঢালাইয়ের কাজ শুরু হলে আমাদের বাধায় নালা পরিষ্কার শুরু করে সিটি করপোরেশন৷ ১১ মে থেকে আবার সেই পুরোনো নর্দমার ওপরই ঢালাই দেওয়ার জন্য শাটারিং করা শুরু হয়৷ রাস্তা প্রশস্ত করতে হলে নালাটিও সরাতে হবে৷ পুরোনো নালার ওপর ঢালাই দেওয়া মানে রাস্তা আর প্রশস্ত করা হবে না৷ তাই আমরা আবারও বাধা দিয়ে এবারের ঢালাইয়ের কাজও আটকে দিয়েছি৷’
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মোতালেব হাওলাদার গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সাবেক মেয়রের সঙ্গে আমরাও সড়কটি প্রশস্ত করতে ইচ্ছুক ছিলাম৷ কিন্তু মসজিদ নিয়ে জটিলতা দেখা দিতে পারে ভেবেই পুরোনো নর্দমার সংস্কার চলছিল। মসজিদ কমিটির সঙ্গে আলাপ করে সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হবে৷ তাতে নতুন করে প্রকল্প করতে হলে তা-ও করা হবে।’ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী তারিকুল হক বলেন, ওখানে আবারও নালার ওপর ঢালাইয়ের কাজ বন্ধ করতে নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে মেয়রের সঙ্গেও কথা হয়েছে।