সরকার জনস্বার্থে মসজিদ, মন্দির, গির্জা, কবরস্থান ও শ্মশান হিসেবে ব্যবহৃত জমি অধিগ্রহণ করতে পারবে। তবে এ ক্ষেত্রে ওই সব ধর্মীয় স্থাপনা স্থানান্তর করে পুনর্নির্মাণ করে দিতে হবে।
‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন ২০১৭’-এর চূড়ান্ত খসড়ায় এমন বিধান যুক্ত করা হয়েছে। এতে অন্যান্য স্থাবর সম্পত্তি অধিগ্রহণে ক্ষতিপূরণের পরিমাণ বাজারদরের তিন থেকে চার গুণ করা হয়েছে। গতকাল সোমবার এই আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সভার সিদ্ধান্ত জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সাধারণভাবে মসজিদ, অন্য ধর্মীয় উপাসনালয়, কবরস্থান ও শ্মশানের জমি অধিগ্রহণ করা যাবে না। তবে জনস্বার্থে একান্ত অপরিহার্য হলে স্থানান্তর ও পুনর্নির্মাণ সাপেক্ষে তা অধিগ্রহণ করা যাবে। এটি প্রস্তাবিত আইনে নতুন সংযোজন।
প্রস্তাবিত আইনে যেকোনো স্থাবর সম্পত্তি সরকারি ও বেসরকারি পর্যায়ে অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ ২০০ থেকে ৩০০ শতাংশ বাড়ানো হয়েছে। এ বিষয়ে মোহাম্মদ শফিউল আলম বলেন, প্রস্তাবিত আইনে সরকারি পর্যায়ে স্থাবর সম্পত্তি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে বাজারদরের চেয়ে ২০০ শতাংশ বেশি ক্ষতিপূরণ দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। অর্থাৎ অধিগ্রহণ করা জমির বাজারমূল্য যদি এক কোটি টাকা হয়, তাহলে আরও দুই কোটি টাকা যুক্ত করে মোট তিন কোটি টাকা ক্ষতিগ্রস্তকে দিতে হবে। আর বেসরকারি প্রতিষ্ঠান অধিগ্রহণ করলে ৩০০ শতাংশ হিসাবে ক্ষতিগ্রস্তকে চার কোটি টাকা দিতে হবে।
চলচ্চিত্রে ধর্ষণের দৃশ্য দেখানো যাবে না
বৈঠকে জাতীয় চলচ্চিত্র নীতিমালা ২০১৭-এর খসড়ারও অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মূলত সুস্থ চলচ্চিত্রে উৎসাহ দেওয়াই এই নীতিমালার উদ্দেশ্য। এই নীতিমালা অনুসারে, চলচ্চিত্রে ধর্ষণের দৃশ্য দেখানো যাবে না। অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা পরিহার করতে হবে। শিশু ও নারীর প্রতি সহিংসতা, বৈষম্যমূলক আচরণ ও হয়রানিমূলক কর্মকাণ্ড উদ্বুদ্ধ করে এমন দৃশ্য বা ঘটনা চলচ্চিত্রে প্রদর্শন করা যাবে না। মহান মুক্তিযুদ্ধ, ইতিহাস ও তথ্যের বস্তুনিষ্ঠতা সমুন্নত রাখতে হবে। চলচ্চিত্রে কোনোভাবেই রাষ্ট্রবিরোধী ও জনস্বার্থবিরোধী তথ্য দেওয়া যাবে না। সব ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।
নীতিমালা অনুযায়ী পর্যায়ক্রমে সেন্সর ব্যবস্থার পরিবর্তে সার্টিফিকেশন ব্যবস্থা চালু করা হবে। এ সময় সাংবাদিকেরা প্রশ্ন করেন, তাহলে কি সেন্সর বোর্ডের নামও পরিবর্তন হবে? জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পর্যায়ক্রমে তা অন্যান্য দেশের মতোই করা হবে। সেন্সর শব্দটি নেতিবাচক প্রভাব ফেলায় এমন সিদ্ধান্ত হয়েছে।
৬৪ জেলায় একটি করে তথ্য ভবন করা হবে বলে জানান মোহাম্মদ শফিউল আলম।
নীতিমালা অনুযায়ী চলচ্চিত্র রপ্তানি ও আমদানির ক্ষেত্রে ১১ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি থাকবে। এই কমিটির সুপারিশ অনুযায়ী তা করা যাবে। ১৫ সদস্যের চলচ্চিত্রবিষয়ক আরেকটি জাতীয় পরামর্শক কমিটি থাকবে। এর প্রধান হবেন তথ্যমন্ত্রী।
ঢাকা-খুলনা-কলকাতা রুটে বাস চলবে
বৈঠকে ঢাকা-খুলনা-কলকাতা রুটে বাস চলাচলের বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের আগে-পরে এটির উদ্বোধন হতে পারে। এ ছাড়া গতকালের সভায় ২৩ জুলাইকে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।
প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘চ্যাম্পিয়ন ফর অটিজম ইন সাউথ ইস্ট এশিয়া রিজিয়ন’ মনোনীত হওয়ায় মন্ত্রিসভা তাঁকে অভিনন্দন জানিয়েছে।