পবিত্র মসজিদকে যাতে কেউ রাজনৈতিক হীন স্বার্থে ব্যবহার করতে না পারে, সে জন্য আলেম-ওলামা, খতিব-ইমামসহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া।গতকাল শনিবার বিকেলে রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী এই আহ্বান জানান।গত শুক্রবার বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদে জামায়াতসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের নেতা-কর্মীদের বিশৃঙ্খল ঘটনার পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলন করা হয়। ধর্ম প্রতিমন্ত্রী জানান, শুক্রবারের ঘটনায় বায়তুল মোকাররম মসজিদের সাড়ে ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভবিষ্যতে মসজিদের পবিত্রতা রক্ষার জন্য সরকার সব রকম ব্যবস্থা নেবে।মসজিদে বিশৃঙ্খলার পরিণতি সম্পর্কে সতর্ক করে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, পাকিস্তান ও ইরাকে শিয়া-সুন্নির বিরোধ মসজিদ পর্যন্ত গড়ানোয়, এখন সেসব দেশে বোমা মেরে মসজিদও ধ্বংস করে দেওয়া হচ্ছে। মুসল্লিরা মসজিদে যেতে আতঙ্ক বোধ করেন। তাই রাজনীতিতে যত মতপার্থক্যই থাকুক না কেন, তা মসজিদ পর্যন্ত না নেওয়ার আহ্বান জানান তিনি। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী জামায়াতকে নিষিদ্ধ করার জন্য শাহবাগে তরুণ প্রজন্ম দাবি জানিয়েছে। এ কারণে আন্দোলনের উদ্যোক্তা ব্লগারদের ‘নাস্তিক’ বলে অপপ্রচার চালিয়ে ধর্মপ্রাণ জনগণকে বিভ্রান্ত করার অপতৎপরতায় লিপ্ত রয়েছে জামায়াত। তিনি বলেন, ‘বর্তমান সরকার ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টিকারীদের অপতৎপরতা রোধে যতটা আপসহীন, তেমনি নাস্তিকদের বিরুদ্ধেও আপসহীন। দেশ থেকে নাস্তিকতার সব ডালপালা সমূলে ধ্বংস করার উদ্যোগ গ্রহণ করেছি আমরা।’সংবাদ সম্মেলনে ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালসহ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।