মসজিদভিত্তিক পাঠাগার থেকে মওদুদীর বই প্রত্যাহার
ইসলামিক ফাউন্ডেশন সারা দেশে তাদের অধীন মসজিদভিত্তিক ২৪ হাজার গ্রন্থাগার ও পাঠাগার থেকে সাইয়্যেদ আবু আলা মওদুদীর লেখা সব বই সরিয়ে ফেলেছে। খবর বিবিসির।ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুসারে, দেশে দুই লাখ ৭০ হাজার মসজিদ আছে। এর মধ্যে ২৪ হাজার মসজিদে গ্রন্থাগার বা পাঠাগার রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন এসব পরিচালনা করে থাকে। মসজিদভিত্তিক এই গ্রন্থাগারগুলো থেকে জামায়াতে ইসলামীর মূল তাত্ত্বিক ও প্রতিষ্ঠাতা আবু আলা মওদুদীর সব বই সরিয়ে ফেলা হয়েছে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল বিবিসিকে বলেন, আবু আলা মওদুদীর লেখা বইয়ের মাধ্যমে বিশেষ একটি রাজনৈতিক দলের দর্শন ও উগ্রতাকে উদ্বুদ্ধ করা হয়। এ কারণে এ ধরনের বই মসজিদভিত্তিক পাঠাগারগুলোতে থাকা উচিত নয়।জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘মওদুদীর বই সম্পর্কে যেসব কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য। যদি মওদুদীর কোনো বইয়ে ইসলামের অপব্যাখ্যার কথা মনে হয়ে থাকে, তাহলে সেটা আমাদের সামনে নিয়ে আসতে হবে।’