মসজিদুল হারামের বাইরের চত্বর হয়ে ওঠে মিলনমেলা
হজের পরে প্রথম জুমা। অর্থাৎ, গত শুক্রবার ছিল আরাফাতের দিন। জুমার নামাজ আদায় করতে সকাল থেকে হাজিরা উপস্থিত হন কাবা শরিফে।
কাবা শরিফের (মসজিদুল হারাম) বাইরে চারদিকে প্রায় এক কিলোমিটার জায়গাজুড়ে মেঝেতে মার্বেল আর গ্রানাইট পাথর বসানো। মসজিদুল হারামের ভেতরে স্থান সংকুলান না হলে মুসল্লিরা এই সুবিশাল চত্বরে নামাজ আদায় করেন।
পবিত্র হজ পালনের পর প্রায় এক মাস ধরে হাজিরা সৌদি আরব ত্যাগ করতে থাকেন। এ সময় প্রতিদিন বিকেলের পর মসজিদুল হারামের চত্বর হয়ে ওঠে বিভিন্ন দেশ থেকে আসা মানুষের মিলনক্ষেত্র। কেউ চত্বরে বসে থাকেন, কেউ বা সঙ্গে থাকা বোতলে জমজমের পানি ভরে নেন। শিশুরা ব্যস্ত থাকে খেলায়। যাঁরা কেনাকাটা করেন (মালামাল হাতে মসজিদে প্রবেশ করা যায় না), তাঁরা এই চত্বরে নামাজ আদায় করেন।
গতকাল শুক্রবার বিকেলে এই চত্বরে কথা হয় ইন্দোনেশিয়া থেকে আসা ইকা ও তাঁর স্ত্রী রাতুর সঙ্গে। ইন্দোনেশিয়ার ভাষায় ইকা অর্থ প্রথম সন্তান। আর রাতু অর্থ রানি। ইকা ২০১২ সালে পবিত্র হজ পালন করেছিলেন। বিয়ের পর এবার স্ত্রীকে নিয়ে এসেছেন। ইকা বললেন, ‘আমাদের দেশের পুরুষের পাশাপাশি নারীরাও কম বয়সে পবিত্র হজ পালন করেন।’ ইকা বাংলাদেশেও এসেছিলেন। বললেন, ‘ঢাকা খুব বড় শহর। আমি গিয়েছি।’
বাংলাদেশ থেকে এবার ৯৮ হাজারের বেশি মানুষ হজ পালন করতে এসেছেন। এই তথ্য জানালে বেশ অবাক হন এই দম্পতি। ইকার প্রশ্ন, ‘আপনাদের দেশ থেকে হজ প্যাকেজে খরচ কত?’ বললাম, ‘সাড়ে তিন হাজার মার্কিন ডলার।’ তাঁরা বললেন, তাঁদের প্যাকেজে আসা-যাওয়ার বিমান টিকিট, জেদ্দায় পৌঁছে এক দিন হোটেলে থাকা, ৪০ দিন সৌদি আরবে থাকা-খাওয়াসহ নানা সুযোগ-সুবিধা থাকে।
চত্বরের পাশে একাধিক জারে জমজমের পানি রাখা আছে। পাকিস্তানি এক স্কুলশিক্ষককে দেখা গেল বোতলে জমজমের পানি ভরছেন। সৌদি আরবে প্রতি লিটার পানির দাম এক রিয়াল, আর এক রিয়ালে পাওয়া যায় তিন লিটার পেট্রল। অবশ্য জমজমের পানি সবার জন্য ফ্রি।
হাজিরা সাধারণত আসরের নামাজের আগে বাড়ি থেকে বের হন। বাড়ি ফেরেন এশার নামাজ আদায় করে। বিকেলে ওই চত্বরে বসেই অনেকে হালকা নাশতা করেন। আর আজান হলে সবাই নামাজের জন্য দাঁড়িয়ে যান। নানা বর্ণ ও নানা ভাষার লোক এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। প্রবাসী বাংলাদেশিদের অনেকে কাজ শেষে মাগরিব ও এশার নামাজ আদায় করেন এখানে। তাঁদের কেউ কেউ দেশ থেকে আসা হাজিদের সঙ্গে দেখা করেন। নিজ জেলার লোক পেলে আপ্যায়নও করান।
সিটি চেকিং: বিমানের ফিরতি ফ্লাইটে হাজিদের জন্য এ বছর থেকে সিটি চেকিং শুরু হয়েছে। অর্থাৎ মক্কা বা মদিনা থেকে হাজিদের মালামাল সংগ্রহ করবে বিমান। আগের মতো জেদ্দা বিমানবন্দরে (হজ টার্মিনালে) মালামাল গ্রহণ করা হবে না। ৮ অক্টোবর রাতে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন মক্কায় সিটি চেকিংয়ের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু , ধর্মমন্ত্রী মতিউর রহমান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব প্রমুখ।
মক্কার দুটি কেন্দ্র—মিসফালাহ ব্রিজের কাছে ও আজিজিয়া আবদুল্লাহ খাইয়াত রোডে এবং মদিনার একটি কেন্দ্র—মদিনা হোটেল হজ মিশনের কাছে মালামাল গ্রহণ করা হয়। একই সঙ্গে ঢাকা বিমানবন্দর থেকে জমজমের পানি সংগ্রহ করতে পারবেন হাজিরা। সৌদি আরব থেকে জমজমের পানি নিতে হবে না।
আর সৌদি এয়ারলাইনসের যাত্রীদের মালামাল মক্কায় জরহুম রোড পেট্রল পাম্পের কাছে ও মদিনায় হেজাম রোড ম্যাগডোনালসের কাছের কেন্দ্র থেকে গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে জেদ্দা বিমানবন্দর থেকে জমজমের পানি সংগ্রহ করে তাতে নাম-ঠিকানা লিখে দেশে নিয়ে যেতে হবে।