নতুন মুয়াজ্জিন নিয়োগ, জোহর থেকে ফের নামাজ আদায়

বন্দুকধারীদের হামলার পর বগুড়ার শিবগঞ্জের চককানু গ্রামে শিয়া মসজিদে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার জোহর থেকে আবার নামাজ আদায় শুরু হবে ওই মসজিদে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই মসজিদে বন্দুকধারীরা নামাজরত মুসল্লিদের ওপর গুলি চালিয়ে একজনকে হত্যা ও তিনজনকে জখম করে। নিহত মোয়াজ্জেম হোসেন ছিলেন ওই মসজিদের মুয়াজ্জিন। ওই হামলার ঘটনার পর থেকে অপরাধস্থল হিসেবে মসজিদটিকে সংরক্ষণ করা হয়। আজ রোববার সকালে সরেজমিনে দেখা গেল, নতুন নিয়োগ পাওয়া মুয়াজ্জিন উকিল মিয়া পানি দিয়ে মসজিদটি ধোয়া-মোছা শেষ করেছেন। জোহর থেকে আবার সেখানে নামাজ আদায় শুরু হবে বলে জানান তিনি।
উকিল মিয়া বললেন, সারা রাত এখানে পুলিশের পাহারা ছিল। সকালে পুলিশ সদস্যরা ঘুমানোর জন্য গেছেন। মসজিদের পাশেই হরিপুর গ্রামে শিয়াদের ইমামবাড়ায় গিয়ে দেখা গেল ভেতরে ক্যাম্প বানিয়ে অবস্থান করছেন পুলিশ সদস্যরা।
হরিপুর গ্রামে শিয়াদের সংগঠন ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু জাফর মোল্লা বললেন, ‘এত দিন পেপার-পত্রিকায় দেখতেছিলাম, এখন নিজের বাড়িতেই আসে পড়ল বারে। কার বাড়িতে কখন এটা ঢুকপে, ঠিক নাই।’ তিনি আরও বলেন, ‘এখানকার মানুষ শান্তিপ্রিয়। আমরা কেউ কখনো ভাবিনি এরকমভাবে নামাজরত অবস্থায় কেউ মসজিদে হামলা চালাতে পারে। আমরা পেপার-পত্রিকায় দেখছি মাজহাব নিয়ে খুনোখুনির খবর। এখন আমাদের বাড়িতেই আসে পড়ল।’

এদিকে ওই হামলার পর থেকে আতঙ্কে আছেন গ্রামের সাধারণ মানুষ। তাঁদের জীবন যাপনেও ওই ঘটনার প্রভাব পড়েছে। আজ সকালে বগুড়ার শিবগঞ্জের হরিপুর বাজারে গিয়ে দেখা যায়, বাজারটি প্রায় জনশূন্য। দোকানপাট ঠিকমতো খুলছে না। এত দিন গণমাধ্যমে বিভিন্ন ধরনের হামলার খবর দেখে এলেও এখন নিজেদের গ্রামেই এ রকম হামলায় মানুষের আতঙ্ক কাটছে না। হামলা, হত্যার পাশাপাশি আইনি ঝামেলা হতে পারে—এমন আতঙ্কে মানুষ বাজারমুখী হচ্ছেন না।
বেচা-বিক্রি নেই বলে দোকানও খুলছেন না ব্যবসায়ীরা। সকালে কথা হলো মুদি দোকানদার মো. রাজুর সঙ্গে। তিনি বলেন, গত দুদিন বেচা-বিক্রি একেবারে নেই বললেই চলে।
শাহজাহান আলী নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘হুট করে কখন কাকে পুলিশ ধরে নিয়ে যায় এই ভয়েও অনেকে আসছে না।’