মসজিদে নববীতে নামাজ পড়লেন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া গতকাল বৃহস্পতিবার মদিনা শরিফের মসজিদে নববীতে আসর ও মাগরিবের নামাজ আদায় করেন। সেখানে মদিনা যুবদলের উদ্যোগে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি শরিক হন। বাসস।বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান মদিনা শরিফ থেকে টেলিফোনে বাসসকে এ কথা জানিয়ে বলেন, খালেদা জিয়া দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেছেন। প্রেস সচিব মারুফ কামাল খান জানান, গতকাল রাতে মসজিদে নববীতে তারাবির নামাজ আদায় শেষে খালেদা জিয়ার মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করার কথা রয়েছে। ইফতার অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ্ উদ্দিন আহমেদ, একান্ত সচিব এ এস এম সালেহ আহমেদ, প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামসুর রহমান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।