মসজিদে বিশেষ বয়ান প্রচারপত্র বিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকুনগুনিয়া নিয়ে জনসচেতনতা বাড়াতে নগরের বিভিন্ন সড়কে প্রচারপত্র বিলি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ছবিটি মানিকনগর ঝিলপাড় জামে মসজিদের সামনে থেকে তোলা l প্রথম আলো
চিকুনগুনিয়া নিয়ে জনসচেতনতা বাড়াতে নগরের বিভিন্ন সড়কে প্রচারপত্র বিলি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ছবিটি মানিকনগর ঝিলপাড় জামে মসজিদের সামনে থেকে তোলা l প্রথম আলো

ঢাকা শহরে এডিস মশাবাহিত চিকুনগুনিয়া জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় জনসচেতনতা বাড়াতে গতকাল শুক্রবার জুমার নামাজের সময় প্রায় ৪০০ শ মসজিদে প্রচারপত্র বিলি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় অধিকাংশ মসজিদে খুতবার আগে চিকুনগুনিয়া নিয়ে বয়ান করেছেন ইমামেরা।

চিকুনগুনিয়া বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে আরও সচেতনতা বাড়াতে আজ শনিবার বেলা ১১টায় সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুল এবং কাল রোববার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, খিলগাঁও হাইস্কুল ও আইডিয়াল হাইস্কুলে মতবিনিময় সভা করবে ডিএসসিসি। আগামী মঙ্গলবার আজিমপুর গার্লস হাইস্কুল ও অগ্রণী উচ্চবিদ্যালয়, মহানগর মহিলা কলেজ ও নবাবপুর স্কুল, দনিয়া এ কে হাইস্কুল ও মানিকনগর মডেল হাইস্কুলেও একই রকম সভা অনুষ্ঠিত হবে।

ডিএসসিসির জনসংযোগ বিভাগ সূত্র জানায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল দুপুর ১২টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পাঁচটি অঞ্চলের প্রায় ৪০০ মসজিদের সামনে প্রচারপত্র বিলি করেন সংশ্লিষ্ট অঞ্চলের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলররা। এ সময় তাদের সঙ্গে বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরাও প্রচারপত্র বিলিতে অংশগ্রহণ করেন।

আর জুমার নামাজের জামাতের আগে মসজিদগুলোতে চিকুনগুনিয়া নিয়ে সচেতনতামূলক বক্তব্য দেন ইমামেরা। মুসল্লিরাও মনোযোগ দিয়ে তা শোনেন।

ডিএসসিসির প্রচারপত্রে বলা হয়, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে আর মশা জন্মাতে পারবে না। তাই চিকুনগুনিয়া প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। মশা যেন জন্মাতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মশার বংশবিস্তারের স্থানগুলো ধ্বংস করতে হবে। বাসাবাড়ির আশপাশে মাটির পাত্র, কলসি, খোসা, বালতি, ড্রামসহ যেসব জায়গায় পানি জমতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) পানি যেন জমে না থাকে, সেদিকে নজর রাখতে হবে। কোথাও যেন পানি জমতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। দিনে বা রাতে যেকোনো সময় ঘুমাতে মশারি ব্যবহার করতে হবে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় গতকাল প্রথম আলোকে বলেন, মশক নিধন কার্যক্রমে জরুরি তথ্য আদান-প্রদানের সুবিধার্থে নগর ভবনে একটি তথ্যকেন্দ্র চালু করা হয়েছে। তথ্যকেন্দ্রের ফোন নম্বর ৯৫৬৩৫০৭।