মসজিদে বিস্ফোরণে নিহত যুবকের পরিচয় মেলেনি, লাশ দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার সৈয়দপুর চকপাড়া এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে বোমা বিস্ফোরণে নিহত যুবকের পরিচয় এখনো মেলেনি। কোনো স্বজন না আসায় আজ রোববার দুপুরে নগরের লক্ষীপুরে একটি বেসরকারি সংস্থার মালিকানাধীন কবরস্থানে বেওয়ারিশ হিসেবে ওই যুবকের লাশ দাফন করা হয়।

মসজিদে বোমা হামলার ঘটনায় হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, নিহত ওই যুবক বোমা বহনকারী ছিলেন বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছিল। আজ সকাল পর্যন্ত কেউ লাশ নিতে না আসায় দাফনের ব্যবস্থা করা হয়।

তদন্ত কর্মকর্তা আরও বলেন, ডিএনএ পরীক্ষার জন্য লাশের হাতের আঙুলের ছাপসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ল্যাবে পাঠানো হয়েছে।

গত শুক্রবার দুপুরে মসজিদে ওই হামলায় একজন নিহত ও তিনজন আহত হন।