মসজিদে শহীদদের স্মরণে স্তম্ভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর ১২ নম্বর সেকশনে শহীদ মুক্তিযোদ্ধা জামে মসজিদ কমপ্লেক্সে বধ্যভূমির শহীদদের স্মরেণ নির্মাণ করা হেয়ছে এই কালো স্তম্ভ। ছবিটি সম্প্রতি তোলা l আবদুস সালাম
মিরপুর ১২ নম্বর সেকশনে শহীদ মুক্তিযোদ্ধা জামে মসজিদ কমপ্লেক্সে বধ্যভূমির শহীদদের স্মরেণ নির্মাণ করা হেয়ছে এই কালো স্তম্ভ। ছবিটি সম্প্রতি তোলা l আবদুস সালাম

ঝকঝকে সাদা মোজাইক ও টাইলসে তৈরি মসজিদটির অন্দরমহল। ভেতরের স্তম্ভগুলো সাদা রঙের টাইলসের। ব্যতিক্রম শুধু একদম সামনের সারির বাঁ পাশের স্তম্ভটি। কালো রঙের টাইলসের স্তম্ভটি দাঁড়িয়ে আছে শোক ও শ্রদ্ধার প্রতীক হয়ে।
স্তম্ভটির রং কালো রাখা হয়েছে মুক্তিযুদ্ধের জানা-অজানা হাজারো শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে। ঢাকার পল্লবীর মুসলিম বাজারে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা জামে মসজিদের ভেতরে আছে এ স্তম্ভটি। মসজিদটির সংস্কারকাজের সময় পাওয়া গিয়েছিল মুক্তিযুদ্ধের সময় শহীদদের হাড়গোড়। মুক্তিযুদ্ধের সময় এখানে মুক্তিযোদ্ধাসহ অনেককে নির্মমভাবে হত্যা করে মাটিতে পুঁতে রাখা হয়।
মিরপুর সাড়ে ১১ নম্বর বাসস্ট্যান্ড থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থিত মুসলিম বাজার (পূর্বনাম মুসলিম লীগ বাজার) বধ্যভূমি। স্বাধীনতার ২৭ বছর পর ১৯৯৯ সালে মিরপুর ১২ নম্বর সেকশনের ডি-ব্লকে নূরী মসজিদের কাছে প্রায় এক বিঘা স্থান থেকে বেশ কিছু কঙ্কাল ও হাড়গোড় পাওয়া যায়। সেখানে প্রায় দুই মাস খননকাজ চলে।
নূরী মসজিদ-সংলগ্ন মুসলিম বাজার বধ্যভূমির একটি পরিত্যক্ত কুয়া থেকে মাথার খুলিসহ পাঁচ শতাধিক হাড় উদ্ধার করা হয়। সেই নূরী মসজিদের সংস্কার করার পরে নাম রাখা হয়েছে ‘শহীদ মুক্তিযোদ্ধা জামে মসজিদ কমপ্লেক্স’। আর হাড়গোড় যেখানে পাওয়া গিয়েছিল সেই জায়গার কাছাকাছি বানানো হয়েছে কালো স্তম্ভটি।
শহীদ মুক্তিযোদ্ধা জামে মসজিদ কমপ্লেক্স কমিটির সাধারণ সম্পাদক শাহ আবদুল জলিল চিশতি বলেন, স্তম্ভটির কাছাকাছি কূপেই অনেক হাড়গোড় পাওয়া গিয়েছিল। নাম না-জানা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিচতলা থেকে তিনতলা পর্যন্ত কালো রঙের টাইলসে স্তম্ভটি বানানো হচ্ছে। আপাতত দোতলা পর্যন্ত করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, মসজিদের ভেতরে প্রতি সারিতে চারটি করে স্তম্ভ আছে। সব স্তম্ভ সাদা রঙের টাইলসের আর মেঝে মোজাইক করা। একদম সামনে মিনারের কাছাকাছি বাঁ পাশে কালো রঙের টাইলসের স্তম্ভ।
এই মসজিদে প্রতিদিন এলাকার অনেক মুসল্লি নামাজ আদায় করেন। তাঁদের সবার কাছে এই কালো স্তম্ভটি পরিচিতি পেয়েছে মুক্তিযুদ্ধের প্রতীক হিসেবে। স্থানীয় বাসিন্দা আজহার আলী বলেন, মুক্তিযুদ্ধের সময় বিহারি-অধ্যুষিত এই এলাকায় অনেক নিরীহ মানুষকে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়েছিল। বধ্যভূমির জায়গায় গড়ে ওঠা মসজিদে বানানো এই স্তম্ভটি শহীদদের আত্মত্যাগ স্মরণ করিয়ে দেয়।
এই কমপ্লেক্সের শহীদ জামিয়া এমদাদিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এই মসজিদে প্রতিদিনই শহীদদের স্মরণ করা হয়। প্রতিদিন ফজরের নামাজের পর মাদ্রাসার চার শতাধিক ছাত্র-শিক্ষক শহীদদের জন্য সূরা ইয়াসিন পড়েন। প্রতি শুক্রবার জুমার নামাজের পর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।’
মিরপুর মুসলিম বাজার বধ্যভূমি থেকে উদ্ধার করা কঙ্কাল, হাড় ইত্যাদি সংরক্ষিত আছে মুক্তিযুদ্ধ জাদুঘরের ৬ নম্বর গ্যালারিতে। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী প্রথম আলোকে বলেন, মুসলিম বাজারের নূরী মসজিদে সংস্কারকাজের সময় প্রচুর হাড়গোড় পাওয়া গিয়েছিল। পরে প্রমাণিত হয় সেখানে বধ্যভূমি ছিল। জাদুঘর সেসব হাড়গোড় সংরক্ষণ করেছে।