মসজিদের কর্তৃত্ব পেতে মুয়াজ্জিন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুয়াজ্জিন বিল্লাল হোসেনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা
মুয়াজ্জিন বিল্লাল হোসেনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা

পুরান ঢাকার ইসলামপুর রোডের ঝব্বু খানম জামে মসজিদের ভেতর মুয়াজ্জিন বিল্লাল হোসেন (৫০) হত্যার সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মসজিদের অর্থসহ সব বিষয়ে কর্তৃত্ব পেতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মফিজ উদ্দিন আহম্মেদ। ৪ এপ্রিল চারতলা মসজিদের ভেতর থেকে বিল্লালের লাশ উদ্ধার করে পুলিশ। তৃতীয় তলার একটি কক্ষে তিনি থাকতেন।
গ্রেপ্তার করা চারজন হলেন মসজিদের খাদেম মো. হাবিবুর রহমান (২০), আরেক মুয়াজ্জিন মো. মোশারফ হোসেন (১৯), হাবিবের বন্ধু ও দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা জামে মসজিদের খাদেম তফাজ্জল হোসেন (২৩) এবং বিল্লাল হোসেনের বন্ধু সারোয়ার হালিম (৩৮)। পুলিশ বলেছে, বিল্লালকে হত্যা করেছেন হাবিব এবং বাকিরা তাঁকে সহযোগিতা করেছেন। তাঁদের আরও এক সহযোগীকে শনাক্ত করা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) পারভেজ ইসলাম গ্রেপ্তার করা চারজনকে আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন জানান। শুনানি শেষে আদালত হাবিব, মোশারফ ও তফাজ্জলের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সারোয়ারকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সংবাদ সম্মেলনে মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, ঝব্বু খানম জামে মসজিদে বিল্লাল হোসেন ২৮ বছর যাবৎ চাকরিরত ছিলেন। মসজিদের নিচের তলায় থাকা ৩৩টি দোকান থেকে মাসে ৪২ হাজার টাকা ভাড়া আসে। দুটি দানবাক্স থেকে আসে মাসে আরও ১০-১৫ হাজার টাকা। বিল্লালের নিজের আয়ও ভালো ছিল। মসজিদের বিভিন্ন লোকদের বেতন দেওয়ার পর যে টাকা অতিরিক্ত থাকত, বিল্লাল তা নিজের ব্যাংক হিসাবে জমা রাখতেন এবং বাইরের লোকের কাছে লাভে টাকা খাটাতেন।
মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, আসামিরা ঈর্ষান্বিত হয়ে দক্ষিণ কেরানীগঞ্জের একটি মসজিদে বসে বিল্লালকে হত্যার পরিকল্পনা করেন। বিল্লাল বন্ধু সারোয়ার হালিমের কাছে মোটা অঙ্কের টাকা লাভে রেখেছিলেন। হাবিব টাকা, মূল মুয়াজ্জিনের দায়িত্ব এবং মসজিদের আর্থিক কর্তৃত্ব পাওয়ার আশায় বিল্লালকে খুন করার সিদ্ধান্ত নেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী হাবিব মসজিদ থেকে ছুটি নিয়ে ১ এপ্রিল নড়াইলে গ্রামের বাড়িতে যান। ৩ এপ্রিল তিনি নড়াইল থেকে সন্ধ্যায় কেরানীগঞ্জে সহযোগী তফাজ্জল হোসেনের কাছে যান। এরপর তিনি ঝব্বু খানম মসজিদে মোশাররফের কক্ষে গিয়ে তাঁর সঙ্গে সলাপরামর্শ করে বিল্লালের মসজিদে ফেরার অপেক্ষায় থাকেন। বিল্লাল ফিরলে হাবিব তাঁকে দোতলা ও তিনতলার সিঁড়ির মাঝামাঝি স্থানে পেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন। বিল্লালের সঙ্গে থাকা ছয় হাজার টাকা, কক্ষের চাবি ও মুঠোফোন নিয়ে নেন হাবিব। এরপর মোশাররফের কক্ষে গিয়ে তাঁকে দুই হাজার টাকা দিয়ে কেরানীগঞ্জে যান। যাওয়ার পথে বাবুবাজার সেতু-সংলগ্ন নালায় ছুরিটি ফেলে দেন। ছুরিটি উদ্ধার করা হয়েছে।