মসজিদের খাদেমের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়া বায়তুল মা’বুদ মসজিদের খাদেম জাহাঙ্গীরের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে পাঁচমাথা মোড়ে সমাবেশ করা হয়।বায়তুল মা’বুদ জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শাহীন আকতার, মাওলানা মো. আবুল কালাম আজাদ, হাফেজ মো. মোস্তাক আহমেদ, হাজী মো. একরামুল হক, মাওলানা মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, জাহাঙ্গীর সততার সঙ্গে ৩২ বছর ধরে মসজিদের খাদেমের দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনাটি ন্যক্কারজনক ও গুরুতর অপরাধ। বক্তারা আগামী সোমবারের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের সময় বেঁধে দেন।গত ২৯ এপ্রিল রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নের সলেয়াশাহ্ বাজারে চোর সন্দেহে দেওয়া গণপিটুনিতে নিহত হন খাদেম জাহাঙ্গীর।