মসজিদের জায়গা দখলে নিতে প্রাচীর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলার আলীনগর গ্রামে বিরোধপূর্ণ জায়গায় সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে। ছবিটি গত শুক্রবার সকাল ১০টার দিকে তোলা l প্রথম আলো
মানিকগঞ্জ সদর উপজেলার আলীনগর গ্রামে বিরোধপূর্ণ জায়গায় সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে। ছবিটি গত শুক্রবার সকাল ১০টার দিকে তোলা l প্রথম আলো

মানিকগঞ্জ সদর উপজেলার আলীনগর গ্রামে একটি মসজিদের জন্য ওয়াক্ফ করা জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা গেছে, ২০০১ সালে আলীনগর জামে মসজিদের নামে আলীনগর মৌজায় আরএস ১৯ নম্বর দাগে চার শতক জমি দান করেন মোহাম্মদ গোলাম নামের স্থানীয় এক ব্যক্তি। মসজিদের জায়গায় পাকা শৌচাগার নির্মাণ করা হয়। অজুর জন্য স্থাপন করা হয় টিউবওয়েল। সম্প্রতি পাশের জায়গার মালিক আবুল হোসেনসহ তাঁর ভাইয়েরা ওই জমি নিজেদের দাবি করে দখলের চেষ্টা চালান। এ বিষয়ে গত ২২ জুন মোহাম্মদ গোলাম সদর থানায় জিডি করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিরোধপূর্ণ ওই জায়গা পরিদর্শন এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলে।

মোহাম্মদ গোলাম বলেন, ওই জায়গা দখলে নিতে সম্প্রতি মসজিদের শৌচাগার ও অজুখানা ভেঙে সেখানে টিনের বেড়া দেওয়া হয়। গত বুধবার থেকে ওই জায়গায় টিনের বেড়া ঘেঁষে আরসিসি পিলার দিয়ে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করা হয়। মসজিদের শৌচাগার ও অজুখানা ভেঙে ফেলায় ভোগান্তিতে পড়েছেন মুসল্লিরা। তিনি অভিযোগ করেন, আবুল হোসেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। তাই প্রভাব খাটিয়ে তিনি মসজিদের জায়গা দখল করে নিচ্ছেন।

গত শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, বিরোধপূর্ণ জমিতে ইট দিয়ে সীমানাপ্রাচীর নির্মাণ করছেন শ্রমিকেরা। মসজিদের শৌচাগার ভেঙে মাটি সমান করা হয়েছে। শ্রমিকদের একজন জানান, সীমানাপ্রাচীর নির্মাণের জন্য আবুল হোসেন তাঁদের দিয়ে কাজ করাচ্ছেন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান খান বলেন, ওই জায়গা দখল করতে আবুল হোসেন গং সীমানাপ্রাচীর নির্মাণ করছেন। এতে মুসল্লিরা বিপাকে পড়েছেন। সীমানাপ্রাচীর নির্মাণে বাধা দিলে দখলকারীরা মারধর করার হুমকি দেন।

আবুল হোসেন বলেন, তিনি ও তাঁর ভাইয়েরা ওই জমির মালিক। ১০০ বছর ধরে তাঁর পূর্বপুরুষেরা ওই জায়গা ভোগদখল করে আসছেন। হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, জিডির পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করা হয়। বিষয়টি পুলিশের এখতিয়ারভুক্ত না হওয়ায় জায়গার বিরোধ নিষ্পত্তির জন্য তাঁদের আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।