মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের দেহানগর শাহজাহানপাড়া মসজিদ সংস্কারের জন্য বরাদ্দকৃত টিআরের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মসজিদের কয়েকজন মুসল্লি পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।
পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তর সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরের বাজেটে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর-নগদ টাকা) বিশেষ কর্মসূচির আওতায় পীরগঞ্জ উপজেলার ১৮৩টি প্রকল্প বাস্তবায়নের জন্য ৫২ লাখ টাকার উপ-বরাদ্দ দেওয়া হয়। ওই বরাদ্দ থেকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দেহানগর শাহজাহানপাড়া জামে মসজিদ ঘর সংস্কারের জন্য ২৮ হাজার টাকা প্রদান করেন ঠাকুরগাঁও-৩ আসনের তৎকালীন সাংসদ হাফিজউদ্দীন আহমঞ্চদ।
অভিযোগে বলা হয়েছে, মসজিদের নামে টিআরের টাকা বরাদ্দের বিষয়টি মসজিদ কমিটির সভাপতিসহ সাধারণ মুসল্লিরা জানতেন না। মসজিদের মুসল্লিদের না জানিয়ে প্রকল্পের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী গোপনে ভুয়া ভাউচার দেখিয়ে বরাদ্দের টাকা তুলে আত্মসাৎ করেন। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে তাঁরা অভিযোগ করেন।
সরেজমিনে রোববার দুপুরে দেহানগর শাহজাহানপাড়া গ্রামে মসজিদ কমিটির সদস্য ও মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই মসজিদের নামে ২৮ হাজার টাকার বরাদ্দের কথা তাঁরা লোকমুখে শুনেছেন।
মসজিদ কমিটির সভাপতি মো. জসিরউদ্দীন বলেন, ‘আমি ২০১১ সালে হজ করতে যাই। মসজিদের নামে বরাদ্দের কথা জানতে পারিনি। কয়েক দিন আগে লোকমুখে বিষয়টি শুনলাম।’
প্রকল্পের চেয়ারম্যান ও একই গ্রামের বাসিন্দা শাহজাহান চৌধুরী বলেন, ‘আমি মসজিদের কাজে বিভিন্ন সময় টাকা-পয়সা খরচ করি। এই টাকাও মসজিদের উন্নয়নের কাজে ব্যয় হয়েছে। তবে বিষয়টি কাউকে জানানো হয়নি।’
পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমান বলেন, ‘আমি শিগগিরই তদন্তের জন্য দেহানগর যাব। ঘটনাটি বেশ আগের। তাই কাগজপত্র ঘেঁটে তথ্য বের করতে হবে।’