মসজিদের নামে টিআরের টাকা আত্মসাৎ
মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের মীরাকান্দি গ্রামের একটি মসজিদের উন্নয়নের নামে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের (টিআর) বরাদ্দ ৫৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, মীরাকান্দি গ্রামের বাসিন্দা ইউপি সদস্য মোকছেদ দর্জি তাঁর বাড়ির জামে মসজিদের উন্নয়নের জন্য ২০১০-১১ অর্থবছরে টিআর-নগদ অর্থ বরাদ্দ ৫৫ হাজার টাকা উত্তোলন করেন। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বাবুল হোসেন, মুসল্লি হাতেম আলী চৌকিদার, চান্দু ব্যাপারী ও সেকান্দার ফকিরসহ কয়েকজন জানান, মোকছেদ দর্জি ৫৫ হাজার টাকা এনে মসজিদের কোনো কাজ না করে পুরো টাকা আত্মসাৎ করেছেন।মোকছেদ দর্জি বলেন, ‘অভিযোগ সত্য নয়। এ টাকা আমি গ্রামের অন্য মসজিদের উন্নয়নকাজে ব্যয় করেছি।’তবে এক মসজিদের বরাদ্দ দিয়ে অন্য মসজিদের কাজ করার কারণ জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মসিউর রহমান বলেন, ‘কাজ না করে টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছি। তাঁর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’