মসজিদের নামে বরাদ্দ গম আত্মসাৎ করলেন আ.লীগ নেতা!
বরগুনার তালতলীতে আওয়ামী লীগের এক নেতা গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের চার টন গম আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই গম মসজিদের পুকুরের ঘাট নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরের টিআর কর্মসূচির আওতায় বরগুনার তালতলী শহরের মদিনা মসজিদের ঘাট নির্মাণ প্রকল্পের বিপরীতে চার টন গম বরাদ্দ দেওয়া হয়। এ প্রকল্প বাস্তবায়নের জন্য কৃষ্ণ মেনন নামের এক হিন্দু ব্যক্তিকে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি করে একটি কমিটিও জমা দেওয়া হয়। তালতলী থানা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক জমাদ্দার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে ওই কমিটি জমা দেন। সরেজমিনে মদিনা মসজিদ এলাকায় গিয়ে দেখা গেছে, সেখানে কোনো ঘাট নির্মাণ করা হয়নি।প্রকল্প কমিটির সভাপতি কৃষ্ণ মেনন বলেন, ‘আমি আদৌ জানি না, প্রকল্পে বরাদ্দকৃত গমের টাকা কোন খাতে খরচ করা হয়েছে। আমি প্রকল্পের সভাপতি হলেও কাজ করিয়েছেন থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক জমাদ্দার।’এলাকার বেশ কয়েকজন মুসল্লি নাম গোপন রেখে বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে কমিটি করার কথা। কিন্তু এখানে একজন হিন্দু ব্যক্তিকে সভাপতি করে কাউকে কিছু না জানিয়ে পুরো বরাদ্দ গায়েব করে ফেলা হয়েছে।’২ জুলাই আমতলীর পিআইও প্রকল্প কমিটির সভাপতি কৃষ্ণ মেননকে মাস্টাররোল জমা দেওয়ার তাগিদ দিয়ে একটি চিঠি দেন। পিআইও মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ওই প্রকল্পের কাজ হয়েছে কি না, তা আমি নিশ্চিত নই।’তালতলী থানা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক জমাদ্দার বলেন, ‘এমপি সাহেবের বরাদ্দের মাল দিয়ে কিছু কাজ হয়, আবার হয় না—এটা এভাবেই চলে আসছে।’ বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, মসজিদের বরাদ্দ কোনো অবস্থাতেই আত্মসাৎ করা যাবে না। এ ধরনের কাজ হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।