পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, যারা বোমা ও অস্ত্রশস্ত্র নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করে জাতীয় মসজিদের পবিত্রতা বিনষ্ট করেছে, তারা ইসলামের অবমাননা করেছে। তাদের হাত থেকে ইসলামকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি।গতকাল রোববার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ‘নবী (সা.) প্রেম ও মসজিদের পবিত্রতা রক্ষা এবং জঙ্গিবাদ সন্ত্রাস প্রতিরোধে ইমামদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া।হাছান মাহমুদ বলেন, যদি কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপচেষ্টা করে, সেটা যেমন সরকার বরদাশত করবে না, তেমনি ধর্ম নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদেরও সরকার আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিতে বদ্ধপরিকর। তিনি বলেন, যারা মানুষ হত্যা করে, মানুষের পায়ের রগ কাটে আর মসজিদে বোমা নিয়ে প্রবেশ করে, মসজিদের কার্পেটে আগুন দেয়, তারা ইসলামের শত্রু। মন্ত্রী বলেন, বর্তমান সরকার সারা দেশে ৬৪৩ কোটি টাকা ব্যয়ে মসজিদভিত্তিক মক্তব চালু করেছে। ২০০ কওমি মাদ্রাসার ভবন পাকা করা হয়েছে। কওমি মাদ্রাসার স্বীকৃতির জন্য কমিশন গঠন করেছে।