মসজিদের পবিত্রতা রক্ষার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মসজিদের পবিত্রতা ও নিরাপত্তা যাতে বিনষ্ট না হয় এবং মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ইবাদত-বন্দেগি করতে পারেন, সে জন্য দেশের সব মসজিদ কর্তৃপক্ষ ও মুসল্লিদের সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ৬৪ জেলায় গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত দুই দিনব্যাপী ওলামা মাশায়েখ সমাবেশে জেলার বিশিষ্ট আলেম-ওলামারা এই আহ্বান জানান।মসজিদের পবিত্রতা রক্ষা ও জঙ্গিবাদ, সন্ত্রাস প্রতিরোধে ওই সমাবেশের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, স্থানীয় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এসব সমাবেশে স্থানীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাংসদ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় রাজনৈতিক নেতারা অংশ নিয়েছেন।এসব সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির দেশ। সম্প্রতি দেশের শান্তি ও স্থিতি বিনষ্ট করে হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে স্বাধীনতার প্রতীক জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে। ভাঙচুর করা হয়েছে শহীদ মিনার। পবিত্র ইসলামকে একটি সন্ত্রাসী ও জঙ্গিবাদী ধর্ম হিসেবে তুলে ধরতে মুসলিম নামধারী কিছু মোনাফেক গোষ্ঠী কাজ করে যাচ্ছে।সমাবেশ থেকে আরও বলা হয়, মসজিদ আল্লাহর ঘর, ইবাদত করার স্থান। তাই মসজিদকে কেন্দ্র করে কোনো অপতৎপরতা পরিচালিত হতে দেওয়া হবে না। গত ২২ ফেব্রুয়ারি জুমার নামাজের পর যারা মসজিদ থেকে পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করেছে, মসজিদের ফটক ভেঙে ফেলেছে, তাদের দেশ ও ইসলামের শত্রু বলে আখ্যা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।