মসজিদের মিনার ভাঙার সময় পড়ে গিয়ে শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে মসজিদের মিনার ভাঙার সময় পড়ে গিয়ে আবদুল মালেক মিঞা নামের এক শ্রমিক মারা গেছেন। এ ছাড়া দুলাল হোসেন ও তোফাজ্জল হোসেন নামের আরও দুই শ্রমিক আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে উপজেলার আড়াইপাড়া গ্রামের সৌদি মসজিদে। মসজিদের মুসল্লিরা জানান, দাড়িয়াপুর পাড়ার ওই মসজিদের পুরোনো মিনারটি ফেটে যাওয়ায় মসজিদ কমিটি মিনারটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। মালেক মিঞাসহ চারজন শ্রমিক ১২ হাজার টাকা চুক্তি নিয়ে গত শনিবার মিনার ভাঙার কাজ শুরু করেন। বেলা সাড়ে তিনটার দিকে মিনারের একাংশ ভেঙে ওই তিন শ্রমিক মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁদের প্রথমে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আবদুল মালেককে ঢাকা মেডিকেলে ও বাকি দুজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাত সাড়ে ১০টার দিকে আবদুল মালেক মারা যান। মালেক আড়াইপাড়া গ্রামের হজরত আলীর ছেলে।