চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের মসজিদের সংস্কারকাজ দ্রুত শেষ করার দাবিতে দাপ্তরিক কক্ষে তালা লাগিয়ে দিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা তালা ঝুলিয়ে রাখেন তাঁরা। পরে হল কর্তৃপক্ষের আশ্বাসে শিক্ষার্থীরা তালা খুলে দেন।
আন্দোলনে যাওয়া শিক্ষার্থীদের বেশ কয়েকজন নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে জানান, বৃষ্টি হলে মসজিদে নামাজ পড়া যায় না। ছাদের অবস্থা বেশ বেহাল। ছাদ চুইয়ে পানি পড়ে। এ কারণে নামাজের সময় সমস্যা হয়। হল কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরও ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁদের অভিযোগ।
জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ সুলতান আহমেদ প্রথম আলোকে বলেন, হলটি বহু পুরোনো। এই কারণে হলের মসজিদের ছাদের অবস্থাও করুণ। ইতিমধ্যে সংস্কারকাজ শুরু হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে সংস্কারকাজ করা যাচ্ছে না। এই কারণে ছাত্রদের সাময়িক অসুবিধা হচ্ছে। দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করা হবে।