মসজিদের সামনে আবর্জনার স্তূপ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের বায়তুল মামুর জামে মসজিদের সামনের রাস্তায় বাজারের দুর্গন্ধযুক্ত আবর্জনার স্তূপ করা হচ্ছে। এতে মুসল্লিসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এলাকাবাসীর পক্ষ থেকে ময়লা-আবর্জনার স্তূপ সরানোর দাবি করা হলেও ওই জমির বন্দোবস্ত নেওয়া মালিক ও শমশেরনগর বাজার বণিক কল্যাণ সমিতির টনক নড়ছে না। তাই সমস্যা সমাধানে জেলা প্রশাসকের বরাবর এলাকাবাসীর গণস্বাক্ষর দিয়ে একটি দরখাস্ত দেওয়া হয়েছে। ওই জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল কাইয়ূম অভিযোগ করেন, মসজিদের পশ্চিম পাশের জমির মালিক রেলওয়ে কর্তৃপক্ষ। উপজেলার মনোয়ার আলী জমিটি কৃষিকাজের জন্য কর্তৃপক্ষের কাছ থেকে বন্দোবস্ত নেন। তবে এখন কৃষিকাজের বদলে সেই জমি ভরাট করে দোকানপাট নির্মাণের পাঁয়তারা চলছে। এ জন্য মনোয়ারের মদদেই ওই জমিতে শমশেরনগর বাজারের সব নোংরা আবর্জনা ফেলা হচ্ছে। এলাকার অন্য তিনটি মসজিদের মুসল্লিরাও ভোগান্তিতে পড়েছেন। দুটি বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান প্রক্রিয়াও ব্যাহত হচ্ছে।এ ব্যাপারে মনোয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।