মসজিদের সামনে সমাবেশের চেষ্টা, তিন হিযবুতকর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কাতালগঞ্জ এলাকায় গতকাল শুক্রবার দুপুরে একটি মসজিদের সামনে হাতমাইক ব্যবহার করে সমাবেশ করার সময় মুসল্লিদের পিটুনির শিকার হয়েছেন নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীরের কর্মীরা। মুসল্লিরা তিন কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। হিযবুত তাহ্রীরের গ্রেপ্তার হওয়া তিন কর্মী হলেন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ছাত্র মাহবুুবুল আহসান (২৩), মার্কেটিংয়ের সোহান ইয়াসিন (২৩) ও মুহসীন কলেজের হিসাববিজ্ঞানের ছাত্র সাফাত ইকবাল (২৩)। তাঁরা নগরের দেবপাহাড় এলাকার জনৈক কামালের বাড়িতে ভাড়া থাকেন।প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর হিযবুত তাহ্রীরের ১৪-১৫ জন কর্মী কাতালগঞ্জ শেখ বাহার উল্লাহ মসজিদের ফটকে অবস্থান নেন। এ সময় প্রত্যেকের হাতে পতাকা, ব্যানার ও ক্যামেরা দেখা গেছে। সমাবেশ করার সময় তাঁরা একটি হাতমাইক ব্যবহার করেন। এ সময় তাঁরা আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার ও খেলাফত প্রতিষ্ঠার দাবি জানিয়ে বক্তৃতা করছিলেন। তাঁরা এই দুটি রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্রের দালাল বলে অভিহিত করেন। তাঁদের বক্তৃতার সময় অনেক মুসল্লি মসজিদে সুন্নতের নামাজ পড়ছিলেন। সমাবেশের কারণে মুসল্লিদের নামাজ আদায় ব্যাহত হচ্ছিল। সূত্র জানায়, হিযবুত তাহ্রীর কর্মীদের উসকানিমূলক বক্তৃতার সময় মুসল্লিরা সংঘবদ্ধ হয়ে তাঁদের গণপিটুনি দেন। একপর্যায়ে একটি ব্যানারসহ তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়। অন্যরা হাতমাইক, পতাকা ও ক্যামেরা নিয়ে পালিয়ে যান। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মাবুদ প্রথম আলোকে বলেন, ‘হিযবুত তাহ্রীরের গ্রেপ্তার হওয়া তিন কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রস্তুতি চলছে। ঘটনার সময় তাঁদের হাতে ক্যামেরা, পতাকা ও অন্যান্য সামগ্রী দেখা গেছে। এসব উদ্ধারের চেষ্টা চলছে। তবে হাতমাইক ব্যবহারের ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই।’