মসজিদের ‘খুইড়া’ দখল নিতে চান আ.লীগ নেতা!
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মাড়ালা গ্রামে অবস্থিত শনির হাওরের ‘আহাম্মক খালী খুইড়া’ অবৈধভাবে দখল নেওয়ার চেষ্টা করছেন আওয়ামী লীগের এক নেতা।গত শনিবার রাতে এ খুইড়াটি দখলে নিতে তিনি ১৫টি মোটরসাইকেলে করে তাঁর লোকজন পাঠালে মাড়ালা গ্রামবাসীর প্রতিরোধের মুখে ফিরে আসে। আবার যেকোনো সময় হামলা হতে পারে—তাই দিন-রাত জেগে খুইড়া পাহারা দিচ্ছেন গ্রামবাসী। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ৩০ বছর ধরে বিভিন্ন সময় আহাম্মক খালী বাঁধটি ভেঙে জেলার বোরো ফসলের বৃহৎ হাওর শনিতে পানি ঢোকে। এতে করে কৃষকের ফসলি জমি নষ্ট হয়ে স্থানটিতে এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে গর্তের সৃষ্টি হয়। স্থানীয় ভাষায় একে বলা হয় খুইড়া। খুইড়াতে নষ্ট হওয়া জমিগুলো মাড়ালা গ্রামবাসীর। তাই এর মধ্যে আটকে পড়া ও বেড়ে ওঠা মাছের মালিকানা এলাকাবাসী দিয়েছে গ্রামের দুই মসজিদকে। প্রতিবছর এখান থেকে কয়েক লাখ টাকার মাছ পাওয়া যায়। সম্প্রতি গ্রামটির এক মসজিদের মোতায়াল্লি শহরউল্লা লিখিতভাবে খুইড়ার মালিকানা তাঁকে দিয়েছেন বলে দাবি করছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলী মর্তুজা। তবে শহরউল্লাকে গ্রামবাসীর সামনে জিজ্ঞেস করলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো লিখিত আলী মর্তুজাকে দেননি।মাড়ালা গ্রামের বাসিন্দা, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিয়া হোসেন ও মাড়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দিন আহমদ বলেন, ‘মসজিদের সম্পদ রক্ষা করতে গিয়ে আমরা গ্রামবাসী মর্তুজা সাবের লোকজনের হামলার আতঙ্কে রয়েছি।’ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলী মর্তুজা বলেন, ‘আমি এখন ঢাকায় আছি। আমার সময় নেই, তাই আমার খুইড়ার মালিকানা ১০ জনের নামে লিখে দিয়েছি।’দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার বলেন, গ্রামবাসী বলছে এটি মসজিদের। তবুও এটি নিয়ে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন খান বলেন, টাকার জন্য ওরা দলকে জনগণের কাছে হেয় করছে।