মসজিদ-মন্দিরের চাল আত্মসাৎ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার খোকসা উপজেলায় ওয়াজ মাহফিল ও নামযজ্ঞ অনুষ্ঠানে আসা লোকজন এবং এতিম শিশুদের খাবারের জন্য জিআর প্রকল্পের মাধ্যমে ৭২ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। কিন্তু ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা ভুয়া প্রকল্প তৈরি করে বেশির ভাগ খাদ্যশস্যই স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে কয়েকটি প্রকল্প যাচাই করে সত্যতা পাওয়া গেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বিশ্বনাথ পাল বলেন, জিআরের চাল বিক্রি করার কোনো বিধান নেই। তা হয়ে থাকলে অনিয়ম হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় জানায়, গত ৩০ জুন জিআর প্রকল্পের মাধ্যমে খোকসার ১৩টি মসজিদে ওয়াজ মাহফিল, ১৪টি মন্দিরে নামযজ্ঞ ও তিনটি মাদ্রাসা হেফজখানায় খাবারের জন্য ৭২ টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। ২০১৩-১৪ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের বিশেষ বরাদ্দ থেকে এসব খাদ্যশস্য ছাড় করা হয়। ক্ষমতাসীন দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নাম দিয়ে চাহিদাপত্র তৈরি করেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে অনুমোদন পাওয়ার পর ওই চাহিদাপত্র ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন। ব্যবসায়ীরা ওই চাহিদাপত্র খাদ্যগুদামে জমা দিয়ে তা খোলাবাজারে বিক্রি করে দিয়েছেন।
তালিকা অনুযায়ী মোড়াগাছা ইউনিয়নের মোড়াগাছা পশ্চিমপাড়া জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিলে আসা মুসল্লিদের খাবারের জন্য তিন টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ১৪ জুলাই দুপুরে ওই মসজিদে গিয়ে জানা যায়, গত পাঁচ-ছয় মাসে সেখানে কোনো ওয়াজ মাহফিল হয়নি। বরাদ্দের বিষয়টিও কেউ জানেন না। মোড়াগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আওয়ামী লীগের নেতা আবদুল বারিক মোল্লা মসজিদ কমিটির সভাপতি পরিচয় দিয়ে চাহিদাপত্র ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন।
মসজিদ কমিটির সদস্য আবু বাক্কার বলেন, ‘বারিক মেম্বার মসজিদ কমিটির কেউ নন। এ ধরনের বরাদ্দ আসার বিষয়টি মসজিদ কমিটির কেউ জানেন না।’ এ প্রতিবেদকের উপস্থিতিতে এলাকার বেশ কয়েকজন মুসল্লি জড়ো হন। পরে বারিক মোল্লার ভাই আবদুল আজিজ মোল্লা সেখানে এলে ক্ষুব্ধ লোকজনের রোষানলে পড়েন। মসজিদের পাশেই বারিক মোল্লার বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।
মোড়াগাছা হাফেজিয়া মাদ্রাসা ও হেফজখানায় ছাত্রদের খাওয়ার জন্য দুই টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত হাফেজ মারুফ বিল্লাহ বলেন, তিনি ৫০০ কেজি চাল পেয়েছেন। এ ছাড়া আর কিছু জানেন না।
পাশেই মোড়াগাছা দুর্গামন্দির। এই মন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠানের নামে তিন টন চাল বরাদ্দ দেওয়া হয়। মন্দির কমিটির সভাপতি পরিচয়ে অরুণ কুমার নামের এক ব্যক্তি ওই চাল উত্তোলন করে বিক্রি করেন। ওই মন্দিরের বাসিন্দা অরুণ বলেন, ‘আমার বাড়ির ওপর মন্দির। অথচ আমি জানি না চাল বরাদ্দ এসেছে। তা ছাড়া মন্দিরের কোনো কমিটিও নেই।’
মোড়াগাছা কালীমন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠানের নামে তিন টন খাদ্যশস্য বিক্রি করেছেন ভাদু মণ্ডল নামের এক ব্যক্তি। ওই মন্দির কমিটির সদস্য বিকাশ বলেন, ভাদু নামে তাঁদের মন্দিরে কোনো লোক নেই।
খোকসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘কাজ তদারকি করার দায়িত্ব আমার নয়। এটা ট্যাগ অফিসার ও ইউএনও করবেন।’ বরাদ্দের কতটুকু কাজ হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি খোঁজ নিয়ে জানাচ্ছি।’ এরপর আর তিনি ফোন ধরেননি।
খোকসা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, গত ৩০ জুন ও ১ জুলাই গুদাম থেকে ৭২ টন খাদ্যশস্যের বেশির ভাগই স্থানীয় ব্যবসায়ীরা উত্তোলন করেছেন। কয়েকটি প্রতিষ্ঠান কিছু পরিমাণ চাল নিয়ে গেছে।
খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেবেকা খান বলেন, বরাদ্দের কাজ হতে হবে। না হয় সার্টিফিকেট মামলা করা হবে।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বলেন, ‘শুনেছি বরাদ্দ এসেছে। তবে পিআইসির (প্রকল্প বাস্তবায়ন কমিটি) সভাপতি কে ছিল তা আমার জানা নেই। আওয়ামী লীগের লোকজন থাকতে পারে। আপনি খোকসায় আসেন দেখা হবে।’