মসলার দাম বেড়েছে অস্বাভাবিক চাল, ডাল ও চিনি স্থিতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুচরা বাজারে সব ধরনের চালের দাম খানিকটা স্থিতিশীল হয়েছে। তরিতরকারি, চিনি, ডিম, ভোজ্যতেল, আলু, গুঁড়োদুধের মতো প্রয়োজনীয় পণ্যের দামও আগের সপ্তাহের তুলনায় বাড়েনি। তবে বাঙালির রান্নাঘরের মসলার দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এক বছরের ব্যবধানে কয়েকটি মসলার দাম বেড়েছে দুই থেকে তিনগুণ পর্যন্ত। রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুলসহ কয়েকটি বাজার ঘুরে এই চিত্র পাওয়া গেছে।হাতিরপুল বাজারে সাপ্তাহিক বাজার করতে আসা নিপিকা পোদ্দার গতকাল প্রথম আলোকে জানান, ‘এবার মসলার বাজারে আগুন লেগেছে। সব কিছু বাড়ার মধ্যেই থাকে। কয়দিন একটা বেড়ে আবার থেমে যায়। এরপর বাড়ে আরেকটা। এভাবে কখনো চাল, কখনো ডাল, কখনো তরিতরকারি আবার কখনোবা মসলা। বলা যায়, বাড়তি মূল্যের দৌড়ের ওপর আছি।’ খুচরা ও পাইকারি বাজার এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে প্রাপ্ত তথ্য মতে, রসুনের দাম কেজিতে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। মানভেদে গত সপ্তাহে যে রসুন বিক্রি হয়েছে ৮০ থেকে ১২০ টাকা, সেগুলোরই গতকালের দর ছিল ৮৫ থেকে ১৩০ টাকা। সপ্তাহের ব্যবধানে বৃদ্ধির হার খুব বেশি মনে না হলেও এক বছরের তুলনায় রসুনের দাম বৃদ্ধির হার ৪০ শতাংশ।আর হলুদের দাম গত সপ্তাহে কেজিতে পাঁচ টাকা বেড়েছিল তারও আগের সপ্তাহের তুলনায়। এ সপ্তাহে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। আগের সপ্তাহে হলুদের কেজি ছিল ১৬৫ থেকে ১৮০ টাকা, গতকাল তা বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকা দরে। বছর হিসাবে বৃদ্ধির হার ৯৫ শতাংশ অর্থাত্ প্রায় দ্বিগুণ। আদার দামও কেজিতে ২০ টাকা বেড়েছে। ৬০ থেকে ৯০ টাকা কেজি দরের আদা মানভেদে গতকাল বিক্রি হয়েছে ৬০ থেকে ১১০ টাকায়। এক বছরের হিসাবে আদার দামও দ্বিগুণের বেশি হয়েছে। বৃদ্ধির হার ৮৯ শতাংশ। শুকনা মরিচের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। আগের দাম ছিল ১২০ থেকে ১৫০ টাকা। আর গতকাল বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৫০ টাকায়। আর এক বছরের হিসাব বিবেচনা করলে শুকনা মরিচের দাম বাড়ার হার ২৭৫ শতাংশ অর্থাত্ প্রায় তিনগুণ। এ দিকে চালের মধ্যে উন্নতমানের নাজিরশাইল বা মিনিকেট ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি মানের পাইজাম বা লতা ৩৬ থেকে ৪০ টাকা এবং স্বর্ণা বা চায়না ইরি বা মোটা চাল ২৬ থেকে ২৮ টাকা অর্থাত্ এক সপ্তাহ আগের দামেই বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারের মাহমুদ জেনারেল স্টোরের স্বত্বাধিকারী মাসুদ মিয়া প্রথম আলোকে জানান, এ বছর স্থানীয় পর্যায়ে মসলা উত্পাদন কম হয়েছে। তবে শিগগির মসলার বড় চালান বাজারে আসছে বলে আমদানিকারকেরা তাঁদের জানিয়েছেন। যোগাযোগ করলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান মো. খলিলুর রহমান প্রথম আলোকে জানান, নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্য আনার জন্য টিসিবির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। সংস্থাটিকে শক্তিশালী ও কার্যকরেরও চেষ্টা চলছে। তবে মসলার চেয়েও নিত্যপ্রয়োজনীয় অন্য চার থেকে পাঁচটি পণ্যের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি জানান।