সময়ের মুখ
মসলিন তৈরি করছি, সে দারুণ অনুভূতি
ঢাকার মসলিন হারিয়ে গিয়েছিল ২০০ বছর আগে। প্রচলিত আছে, ব্রিটিশ বেনিয়ারা তাঁতিদের আঙুল কেটে দিয়েছিলেন, যাতে তাঁরা মসলিন বুনতে না পারেন। অবশ্য ২০১৮ সালে নেওয়া ঢাকা মসলিন পুনর্জন্ম প্রকল্পের আওতায় সেই ঐতিহ্য আবার ফিরিয়ে আনা হচ্ছে। এই প্রকল্পে শুরুতে ছয়জন তাঁতি মসলিনের মিহি সুতা বুনতে পেরেছিলেন। সবচেয়ে মিহি সুতা বুনতে সক্ষম হন মহসীনা আক্তার। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন সাদ্দাম হোসাইন।
প্রশ্ন :
প্রথম আলো: মসলিনের সুতা বুনছেন। কেমন লাগে?
মহসীনা: আমি মসলিন তৈরি করছি, সে দারুণ অনুভূতি। পুরো দেশে যে কাপড় নেই, একসময় দেশ-বিদেশে যে কাপড়ের সুনাম ছিল, সেই কাপড় বুনতে পেরে খুবই ভালো লাগে। আমার কাজ দেশের জন্য সুনাম বয়ে আনবে, এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে।
প্রশ্ন :
প্রথম আলো: কিছুদিন আগে আন্তর্জাতিক গণমাধ্যমে আপনাদের কাজ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। দেখেছেন কি?
মহসীনা: না, দেখিনি। তবে বেশ কিছুদিন আগে বিদেশি সংবাদমাধ্যমের একজন সাংবাদিক এসেছিলেন। প্রতিবেদন ছাপা হয়েছে কি না জানি না।
প্রশ্ন :
প্রথম আলো: কীভাবে মসলিন ফিরিয়ে আনার প্রকল্পের সঙ্গে যুক্ত হলেন?
মহসীনা: চার বছর আগে কথা। তখন কুমিল্লায় থাকি। প্রকল্পটির জন্য সেখানে কর্মী খোঁজা হচ্ছিল। আমি গেলাম, কাজ শুরু করলাম। শুরুতে আমার মতো প্রায় ২০০ জন এসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত টিকে ছিলেন মাত্র ছয়। প্রায় দুই বছর চেষ্টা চালিয়ে আমরা মসলিনের সুতা তৈরিতে সক্ষম হই।
প্রশ্ন :
প্রথম আলো: মাত্র ছয়জন টিকলেন, বাকিরা নয় কেন?
মহসীনা: মসলিনের সুতা তৈরিতে শরীর ও মন—দুটোরই প্রস্তুতি লাগে। পূর্ণ মনোযোগের সঙ্গে টানা কাজ করতে হয়। চোখ সরানোরও উপায় নেই, সুতা কেটে যেতে পারে। এভাবে টানা কাজে চোখ, হাতে ও শরীরে ব্যথা হয়। কাজের সময় গরমেও ফ্যান (বৈদ্যুতিক পাখা) চালানো যায় না। কারণ, বাতাসে সুতা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। আবার হাত ঘেমে গেলে কাজ করা যায় না। হাতেরও বিশেষ যত্ন নিতে হয়। রাতে ঘুমানোর আগে হাতে পেট্রোলিয়াম জেলি মাখতে হয়, ঘুম থেকে উঠে লোশন দিতে হয়, যাতে হাত নরম থাকে। বিশেষ করে বাঁ হাতের তিনটি আঙুলের (বুড়ো আঙুল, তর্জনী ও মধ্যমা) ব্যাপারে বেশি সতর্ক থাকতে হয়, কোনোভাবেই যেন আঘাত না লাগে। এ জন্য বাড়ির কাজও তেমন এটা করতে পারি না। কিন্তু সুতা তৈরির পর যে আনন্দ হয়, তাতে কষ্ট করতে খারাপ লাগে না।
প্রশ্ন :
প্রথম আলো: এ প্রকল্পে যুক্ত হওয়ার আগে সুতা তৈরি করেছেন?
মহসীনা: নিজে করিনি। তবে শাশুড়িকে দেখেছি সুতা কাটতে। প্রকল্পে প্রশিক্ষণ নিয়ে সুতা তৈরি করতে শিখেছি। স্যাররা বলতেন, খুবই চিকন সুতা হবে, মাকড়সার জালের মতো।
প্রশ্ন :
প্রথম আলো: আগে মসলিন সম্পর্কে জানতেন?
মহসীনা: শুনেছি মিহি এক কাপড়, আমাদের দেশের ঐতিহ্য। কিন্তু চোখে দেখিনি।
প্রশ্ন :
প্রথম আলো: চার বছরে কতটুকু মসলিন বুনেছেন?
মহসীনা: এখন পর্যন্ত আমরা যতটুকু সুতা তৈরি করেছি, তা দিয়ে মোট ছয়টি শাড়ি তৈরি করা হয়েছে। আরও ১১টি শাড়ি তৈরির কাজ চলছে।
প্রশ্ন :
প্রথম আলো: এখন সুতা তৈরির কাজ কতজন করছেন?
মহসীনা: আমি ৬১ জনকে প্রশিক্ষণ দিয়েছি। আমার শিখতে প্রায় দুই বছর লাগলেও অন্যরা পাঁচ-ছয় মাসেই মসলিন সুতা তৈরি করতে পেরেছেন। এখন সব মিলিয়ে প্রায় ২০০ জনের মতো নারী সুতা তৈরির কাজ করছেন।
প্রশ্ন :
প্রথম আলো: পরিবারে কে কে আছে?
মহসীনা: স্বামী, দুই ছেলে আর আমি। ভালোই আছি। দুই ছেলেই স্কুলে পড়ছে। বেতনের বাইরে প্রকল্পের পক্ষ থেকে বাসা দেওয়া হয়েছে। যাতায়াতের ভাড়াও প্রকল্প থেকে দেওয়া হয়।
প্রশ্ন :
প্রথম আলো: নিজের কি কখনো মসলিনের শাড়ি পরতে ইচ্ছা হয়?
মহসীনা: ইচ্ছা তো করেই (হাসি)...তাই বলে কি আর পরা যায়, যে দাম! একটি শাড়ি তৈরি করতেই তিন-চার লাখ টাকা খরচ পড়ে।