মসলিন পুনরুদ্ধারে দরকার সমন্বিত প্রচেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরে মসলিন নিয়ে আয়োজিত প্রদর্শনী দেখছেন দর্শকেরা l প্রথম আলো
জাতীয় জাদুঘরে মসলিন নিয়ে আয়োজিত প্রদর্শনী দেখছেন দর্শকেরা l প্রথম আলো

মসলিনের মিহি সুতার জন্য তুলাবীজের ডিএনএ পরীক্ষা হচ্ছে। বীজ বোনার জন্য মাটি পরীক্ষার কাজও চলছে। তবে মসলিনের ঐতিহ্য পুনরুদ্ধারের জন্য সরকারি-বেসরকারি সংস্থা, নাগরিক সমাজ ও ব্যক্তি উদ্যোক্তাদের সমন্বিত প্রচেষ্টা দরকার।
গতকাল রোববার জাতীয় জাদুঘরে আয়োজিত ‘বাংলাদেশে মসলিন পুনরুদ্ধার’ বিষয়ক সেমিনারে গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও উদ্যোক্তারা এমন মত দিয়েছেন। সেমিনারে বলা হয়, মোগল সম্রাটদের পৃষ্ঠপোষকতা বন্ধ হওয়ার পর মসলিন বিলুপ্ত হয়ে যায়। বেসরকারি প্রতিষ্ঠান দৃক ও আড়ঙের সহায়তায় জাতীয় জাদুঘর এ সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করে।
সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, মসলিনের বাণিজ্যিক সম্ভাবনা আছে। জামদানির মেধাস্বত্ব অন্য দেশ নিয়ে যাচ্ছে। মসলিন পুনরুদ্ধার করে এর মেধাস্বত্ব যেন পাওয়া যায় তার জন্য সমন্বিত প্রচেষ্টা দরকার।
মূল প্রবন্ধে লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামের জ্যেষ্ঠ কিউরেটর রোজমেরি ক্রিল বলেন, ঢাকার মসলিন একটি অনন্য পণ্য। পৃথিবীর অন্য কোথাও এটার হুবহু নকল করা সম্ভব নয়। এককভাবে মসলিন পুনরুদ্ধার সম্ভব হবে না। লন্ডনের মসলিন ট্রাস্টের রিসার্চ ফেলো সোনিয়া অ্যাশমোর তাঁর প্রবন্ধে বলেন, মসলিন বাঙালি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। মসলিনের উন্নত সুতা তৈরি হতো জঙ্গলবাড়ি ও বাজিতপুর (কিশোরগঞ্জ জেলা) ও কাপাসিয়ায় (গাজীপুর জেলা)।
ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল বলেন, মসলিন ও জামদানিকে একসঙ্গে মেলানো ঠিক না। এ দুইটি একেবারেই আলাদা। তবে মসলিন ও খাদি একই গোত্রের। তিনি বলেন, কোনো কিছুই অসম্ভব নয়। মসলিন পুনরুদ্ধার করা যেতে পারে।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, মসলিন পুনরুদ্ধারে ঢাকার তাঁতিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রূপগঞ্জের আবুল কাসেম বলেন, মসলিন তৈরির বিষয়টি তাঁর দাদা দেখেছেন। তিনি বলেন, ‘আর্থিক সহায়তা এবং মিহি সুতা পেলে আমরা মসলিন তৈরি করতে পারব।’ ন্যাশনাল ক্র্যাফট কাউন্সিলের সভাপতি চন্দ্র শেখর সাহা বলেন, মসলিন শিল্প পণ্য না। এটা হাত দিয়ে তৈরি করা পণ্য। দক্ষ কর্মী তৈরি ছাড়া মসলিন ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হবে।
চার পর্বে বিভক্ত সেমিনারে মানবাধিকার কর্মী হামিদা হোসেন, ভারতীয় বস্ত্রশিল্প বিশেষজ্ঞ রুবী পাল চৌধুরী, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জামাল আবদুল নাসের চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।