মসলিন পুনরুদ্ধারে সমন্বিত প্রচেষ্টা নেওয়ার তাগিদ
ঐতিহ্যবাহী মসলিন পুনরুদ্ধারের জন্য সরকারি-বেসরকারি সংস্থা, নাগরিক সমাজ ও ব্যক্তি উদ্যোক্তাদের সমন্বিত প্রচেষ্টা নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আজ রোববার জাতীয় জাদুঘরে ‘বাংলাদেশে মসলিন পুনরুদ্ধার’ বিষয়ক দিনভর সেমিনারে সরকারি ও বেসরকারি পর্যায়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাসহ দেশ ও বিদেশের মসলিন বিষয়ক বিশেষজ্ঞরা বক্তব্য দেন।
সেমিনারে সরকারি পৃষ্ঠপোষকতার ওপর জোর দিয়ে মসলিন বিষয়ক তহবিল গঠনেরও পরামর্শ দেওয়া হয়। বলা হয়, মোগল সম্রাটদের পৃষ্ঠপোষকতা বন্ধ হওয়ার পর ক্রমান্বয়ে ঐতিহ্যবাহী মসলিন বিলুপ্ত হয়ে যায়।
চার অধিবেশনে বিভক্ত এ সেমিনারে চারটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। বেসরকারি প্রতিষ্ঠান দৃক ও আড়ং এর সহায়তায় জাতীয় জাদুঘর এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, কীভাবে মসলিন পুনরুদ্ধার করা যায় তার প্রচেষ্টা চলছে। এর জন্য তোলা বীজ সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। মাটির পরীক্ষাও হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি ব্যবহার করে মসলিন পুনরুদ্ধার সম্ভব। এটা সম্ভব হলে মসলিনের বাণিজ্যিক সম্ভাবনা আছে। তিনি বলেন, জামদানি শিল্পের সঙ্গে যারা জড়িত, তারা মসলিন গ্রহণ করতে পারেন। জামদানির মেধাস্বত্ব অন্যান্য দেশ নিয়ে যাচ্ছে। মসলিন যাতে পুনরুদ্ধার করতে পারি, এর মেধাস্বত্ব পেতে পারি তার চেষ্টা করতে হবে। এ ক্ষেত্রে তিনি সরকারি-বেসরকারিসহ সব মহলের সমন্বিত প্রচেষ্টা কামনা করেন।
মানবাধিকার কর্মী হামিদা হোসেন বলেন, সোনারগাঁয়ের জামদানি দেশে-বিদেশে খুবই সমাদৃত। আশা করা যায়, মসলিনও পাওয়া যাবে। তিনি বলেন, জামদানি ও মসলিন আন্তর্জাতিক মানের এবং অনন্য।
লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামের জ্যেষ্ঠ কিউরেটর রোমের ক্রিল মূল প্রবন্ধে বলেন, ঢাকার মসলিন একটি অনন্য পণ্য। উপমহাদেশ বা পৃথিবীর অন্য কোথাও এটার হুবহু নকল করা অসম্ভব। এককভাবে মসলিন পুনরুদ্ধার সম্ভব হবে না। সরকার, ব্যক্তি প্রতিষ্ঠানসহ সকল মহলের সহায়তায় এটা সম্ভব হতে পারে।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জামাল আবদুল নাসের চৌধুরী বলেন, মসলিনের মূল উপাদান দেশের কোথাও পাওয়া যায়নি। পরিপূর্ণ গবেষণা এবং প্রযুক্তির ব্যবহারেই কেবল এটা ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়ক হতে পারে। তিনি বলেন, বিসিক জামদানি পল্লি করেছে। মসলিনের জন্যও তারা কাজ করছে।
লন্ডনের মসলিন ট্রাস্টের রিসার্চ ফেলো সোনিয়া অ্যাশমোর তার প্রবন্ধে বলেন, মসলিন বাঙালি সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। উন্নতমানের সুতা থেকে মসলিন তৈরি হতো। আর এ সুতা উৎপাদন হতো জঙ্গলবাড়ি ও বাজিতপুর (কিশোরগঞ্জ জেলা) এবং কাপাসিয়ায় (গাজীপুর জেলা)। তিনি বলেন, একটা সময় মসলিন ব্রিটিশ কোম্পানির মাধ্যমে আমেরিকায় যেতো। পরে আঠারো শতকের শেষের দিকে মার্কিন জাহাজে করেই বাংলাদেশ থেকে মসলিন নেওয়া হতো।
বস্ত্রশিল্প বিষয়ক ভারতীয় বিশেষজ্ঞ রুবী পাল চৌধুরী বলেন, দশম শতকে এই এলাকায় মসলিন উৎপাদন হতো। কার্পাস তুলায় তৈরি ঢাকার মসলিন ছিল সবচেয়ে বিখ্যাত। তিনি সে সময়ে এক বিধবা নারী মসলিনের জন্য সুতা কেটে কীভাবে জীবিকা নির্বাহ করতেন তার একটি বর্ণনা দেন।
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ বলেন, মসলিন খুব বিখ্যাত ছিল এ কারণে যে এটা তখনকার সময়েই অনেক দামি ছিল। তাঁর মতে, এখনো মসলিনের বাজার অনেক বড়। এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিলাদি সংরক্ষণের জন্য সরকারের উচিত আইন তৈরির উদ্যোগ নেওয়া।
ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল বলেন, মসলিন এবং জামদানি একসঙ্গে মেলানো ঠিক না। এ দুইটি একেবারেই আলাদা। তবে মসলিন এবং খাদি একই গোত্রের। তিনি বলেন, কোনো কিছুই অসম্ভব নয়। মসলিন পুনরুদ্ধার করা যেতে পারে।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান মসলিন পুনরুদ্ধারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এ ক্ষেত্রে সরকারি সহায়তারও আশ্বাস দেন তিনি।
ন্যাশনাল ক্র্যাফট কাউন্সিলের সভাপতি চন্দ্র শেখর সাহা বলেন, মসলিন কোনো শিল্প পণ্য নয়। এটা হাত দিয়ে তৈরি করা পণ্য। দক্ষ কর্মী তৈরি ছাড়া মসলিন ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হবে।
মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক বলেন, মসলিন পুনরুদ্ধারে ঢাকার তাঁতি বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিষয়টা তিনি সবাইকে ভেবে দেখার প্রস্তাব করেন।
ঢাকার রূপগঞ্জের পুরোনো তাঁতি আবুল কাসেম বলেন, মসলিন তৈরির বিষয়টি তাঁর দাদা দেখেছেন। তিনি বলেন, পর্যাপ্ত মজুরি না থাকায় তাঁতিরা পুরোনো পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন। আর্থিক সহায়তা এবং মিহি সুতা পেলে আমরা মসলিন তৈরি করতে পারব।
অনুষ্ঠানের বিভিন্ন অধিবেশনে সঞ্চালনা ও বক্তব্য দেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, কলকাতার দরশান শাহ, সাবেক সচিব সোহেল আহমেদ চৌধুরী, আড়ংয়ের বিপণন প্রধান তানভীর হাসান, ন্যাশনাল ক্রাফট কাউন্সিলের ভাইস চেয়ারম্যান রুবী গজনভী প্রমুখ।