মসলিন বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মসলিন কটন মিলস উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান পালিত হয়েছে। গতকাল শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, যাদের শ্রম-ঘামে মসলিন কটন মিলস উচ্চবিদ্যালয় ও শ্রমিক কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, সেই এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ কটন মিলের শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধ করতে হবে।
প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যাঁরা যে বিদ্যালয় থেকে বেরিয়ে বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত হয়েছেন, চাইলে আপনারা আপনাদের অবস্থানে থেকে ওই শিক্ষাপ্রতিষ্ঠান ও সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসতে পারেন। তাহলে নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে।
সুবর্ণজয়ন্তী উৎসব উদ্যাপন কমিটির সভাপতি ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মসলিন কটন মিলস উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ কে আজাদ, আন্তর্জাতিক ব্যাংকার মো. শরীফুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. মুশফিকুর রহমান, কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সালেহ উদ্দিন আহমেদ, থানার ওসি মো. আলম চাঁদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গনি ভূইয়া প্রমুখ।
এর আগে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে চিরকুট ব্যান্ডসহ বিভিন্ন শিল্পী সংগীত পরিবেশন করেন।