মসলিনের পুনরুজ্জীবন

যেন কোনো এক প্রাচীন গুহা। বাইরে ওপর থেকে নিচে নেমে গেছে সারি সারি পাকানো সুতা। এক পাশে মসলিনের তুলা ফুটি কার্পাসের একটি গাছ। গুহার ভেতরে দেয়ালজুড়ে মসলিনের নানা গল্প।
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিটি দেখতে এখন গুহার মতোই। প্রস্তরযুগের গুহাচিত্রের মতোই এর দেয়ালে শোভা পাচ্ছে খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দী থেকে এখন পর্যন্ত মসলিনের ধারাবাহিক ইতিহাস। দৃক গ্যালারি, আড়ং ও জাতীয় জাদুঘরের যৌথ আয়োজনে গতকাল শুক্রবার থেকে সেখানে শুরু হওয়া মসলিন উৎসবের মূল আকর্ষণ এ প্রদর্শনী, যার নাম ‘মসলিন পুনরুজ্জীবন’।
ছেলেবেলা থেকেই মসলিনের নানা কিংবদন্তি শুনে শুনে বাঙালির মনে যে আফসোস, প্রদর্শনীটি দেখার পর সম্ভবত সেটি আর থাকবে না। কেননা, দুই বছরের প্রচেষ্টার পর দৃকের নির্বাহী কর্মকর্তা সাইফুল হক মনে করছেন, ঢাকাই মসলিনের খুব কাছাকাছি কাপড় তৈরি করতে তাঁরা সক্ষম হয়েছেন। প্রদর্শনীতে আছে দৃক-বেঙ্গল মসলিন দলের বোনা নতুন মসলিন কাপড়।
প্রদর্শনী থেকেই জানা গেল, প্রথম দিকে ভারতবর্ষের রাজপরিবারগুলো ব্যবহার করত এই দামি কাপড়। পরে অটোমান ও মোগল সাম্রাজ্যেও এর কদর ছড়িয়ে পড়ে। মসলিন রপ্তানি হতো বার্মা, আফগানিস্তান, চীন, ফিলিপাইন, সুমাত্রা, ইরান, ইতালিতেও। কিন্তু একসময় নানা কারণে হারিয়ে যায় বাংলার মসলিন।
প্রদর্শনীটির কিউরেটর এ এস এম রেজাউর রহমান। সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীটি চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত।
এ ছাড়া আজ আহসান মঞ্জিলে হবে মসলিন-বিষয়ক সাংস্কৃতিক সন্ধ্যা। দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিরাই এটি উপভোগ করতে পারবেন। আগামীকাল জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে দিনব্যাপী হবে মসলিন নিয়ে আন্তর্জাতিক সেমিনার। পরদিন বিদেশি অতিথিরা যাবেন পানাম নগর ও সোনারগাঁয়ে। ঘুরবেন সেসব গ্রামে, যেখানে জামদানি কারিগরেরা থাকেন। মসলিনের অনেক রকম সংস্করণগুলোর মধ্যে একমাত্র জামদানিই এখনো টিকে আছে।
গতকাল জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ, জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি এম আজিজুর রহমান, ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামের সিনিয়র কিউরেটর রোজমেরি ক্রিল, ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক তামারা আবেদ ও দৃকের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুল হক।
অনুষ্ঠানে সাইফুল হকের গবেষণাধর্মী প্রকাশনা মসলিন. আওয়ার স্টোরির মোড়ক উন্মোচন করা হয়। এ ছাড়া ৪৫ মিনিটের লিজেন্ড অব দ্য লুম প্রামাণ্যচিত্রের ট্রেলারও মুক্তি পায়।