মসুর ডালের কেজি ৪৫ টাকা!
বগুড়ার সান্তাহার স্থল শুল্ক (ল্যান্ড কাস্টমস) গুদামে রাখা ২৮ হাজার ৫২৫ কিলোগ্রাম (কেজি) মসুর ডাল নিলামে মাত্র ১৩ লাখ টাকায় বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, মাস ছয়েক আগে ভারত থেকে চোরাইপথে আসার সময় নওগাঁর ৪৩ ব্যাটালিয়ানের বিজিবি সদস্যরা বগুড়ার শিবগঞ্জ থেকে ওই ডালগুলো আটক করে আদমদীঘি উপজেলার সান্তাহার স্থল শুল্ক গুদামে জমা দেন। কর্তৃপক্ষ এই ডাল ৪৫ টাকা ৫৭ পয়সা কেজি দরে নিলামে বিক্রি করে দিয়েছে।সান্তাহার স্থল শুল্ক কার্যালয় ভবনের মালিক ও ব্যবসায়ী মো. মধু জানান, গত জানুয়ারি মাসে প্রথম দফায় বগুড়া কাস্টমস অফিসে নিলাম আহ্বান করা হয়। এতে সর্বোচ্চ দর পড়ে ২২ লাখ টাকা। কিন্তু কর্তৃপক্ষ রহস্যজনক কারণে ওই নিলাম কার্যক্রম বাতিল করেন। পরে দ্বিতীয় দফায় নিলাম আহ্বান করলে দর পড়ে মাত্র সাড়ে ১০ লাখ টাকা। ফলে ওই নিলাম কার্যক্রমও বাতিল করা হয়। সর্বশেষ নিলাম আহ্বান করা হয় ২৩ ফেব্রুয়ারি। এতে সর্বোচ্চ ১৩ লাখ টাকার দরদাতা বগুড়ার মেসার্স মুমিন ট্রেডার্সকে নির্বাচন করা হয়। ওই প্রতিষ্ঠানের অনুকূলে ওই ডাল সরবরাহ করার জন্য সান্তাহার ল্যান্ড কাস্টমস কর্মকর্তাকে নির্দেশ দেন জেলা কাস্টমস কর্মকর্তা। ২৮ ফেব্রুয়ারি ওই প্রতিষ্ঠানের লোকজন ডালের সরবরাহ নিতে আসে। এ সময় নিলামপ্রক্রিয়ায় অনিয়ম-দুর্নীতি ও অস্বচ্ছতার অভিযোগে সরবরাহের কাজে বাধা দেন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। কিন্তু সব বাধা-বিপত্তি উপেক্ষা করে ডালগুলো ওই প্রতিষ্ঠানের অনুকূলে সরবরাহ করা হয়।মো. মধু অভিযোগ করেন, নিলামে ব্যাপক কারচুপি হয়েছে। কোনো অনিয়ম-দুর্নীতি না থাকলে বর্তমান বাজারমূল্যের চেয়ে অর্ধেকেরও কম দাম দেওয়া দরদাতার দরপত্র গ্রহণ করা হলো কেন?গত বুধবার সান্তাহার স্থল শুল্ক কার্যালয়ের কর্মকর্তা নুর মোহাম্মদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নিলামে কোনো অস্বচ্ছতা বা অনিয়ম-দুর্নীতি করা হয়নি। একশ্রেণীর খারাপ মানুষ এসব অপপ্রচার চালাচ্ছে।’