মসুরগাছে গোড়াপচা রোগ
নাটোরের লালপুর উপজেলায় জমিতে গোড়াপচা রোগে ব্যাপক হারে মসুরগাছ মরে যাচ্ছে। মসুর বাঁচাতে কৃষকেরা স্থানীয় কীটনাশক ব্যবসায়ীদের কাছে ধরনা দিয়ে প্রতারিত হচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
লালপুর উপজেলা কৃষি কার্যালয় ও কৃষক সূত্র জানায়, এ বছর উপজেলায় ৯ হাজার ২৭০ হেক্টর জমিতে মসুরের চাষ করা হয়েছে। এতে ১৩ হাজার ৯০৫ টন মসুর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বর্তমানে এসব জমির মসুরগাছ বড় হয়ে উঠেছে। কিছুদিনের মধ্যে মসুরে ফুল আসার কথা। কিন্তু এক সপ্তাহ ধরে মসুরের জমিতে মড়ক দেখা দিয়েছে। মসুরগাছের গোড়া পচে ওপরের পাতা শুকিয়ে মরে যাচ্ছে। উপজেলার প্রায় সব জমিতে একই অবস্থার সৃষ্টি হয়েছে। মড়ক ঠেকাতে কৃষকেরা উপজেলা কৃষি কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কাছে ছুটে যাচ্ছেন। তাঁরা কার্বোনিন্ডজম-জাতীয় প্রোভেক্স ও বেভিস্টিন ওষুধ ছিটানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু কৃষকেরা বাজারে এসব ওষুধ না পেয়ে অন্য নামের কিছু ওষুধ ব্যবহার করছেন। কিন্তু তাতে মড়ক ঠেকানো যাচ্ছে না। এ অবস্থায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার কেশবপুর, বিজয়পুর, বিষ্ণুপুর, বাওড়া, দাইড়পাড়া, রায়াপুর, চামটিয়া, ভাটপাড়া, বিলমাড়িয়া, নাওদাঁড়া, মুরদহ ও সালামপুর এলাকায় মড়কে আক্রান্ত হয়ে মসুরগাছ মরে গেছে। বিষ্ণুপুর এলাকার কৃষক মোসলেম উদ্দিন জানান, তাঁর চার বিঘা জমির প্রায় সব মসুরগাছ মরে গেছে। তিনি বলেন, ‘কী যে অসুখ হলো মসুরের। অনেক টেকার ওষুধ ছিটানু, কিন্তু গাছ বাঁচাতে পারিনি।’ কেশবপুর গ্রামের কৃষক ইনতাজ আলী জানান, তিনি পাঁচ বিঘা জমিতে মসুরের চাষ করেছিলেন। এক এক করে সব জমির মসুরগাছ মরে যেতে শুরু করেছে। তিনি স্থানীয় কৃষি উপসহকারী কর্মকর্তার পরামর্শে রোবলালসহ কয়েক প্রকারের ওষুধ ছিটিয়েছেন। কিন্তু কাজ হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, আখ চাষপ্রবণ এই এলাকায় এবার এক মাস বিলম্বে চিনিকল চালু হওয়ায় মসুরের আবাদ কম হয়েছে। এরপর জমিতে মড়ক লাগার কারণে মসুরের উৎপাদন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল ইসলাম খান জানান, গোড়াপচা রোগের কারণে মসুরগাছ মরে যাচ্ছে। এ রোগ প্রতিকারে প্রতি বিঘা জমির জন্য ৫০ লিটার পানিতে কার্বোনিন্ডজম-জাতীয় ১০০ গ্রাম প্রোভেক্স অথবা বেভিস্টিন অথবা নোইন ওষুধ পাঁচ-সাত দিন পর পর দু-তিনবার ছিটিয়ে দিতে হবে। ভালো ফলের জন্য প্রোভেক্স ও বেভিস্টিন ৫০ গ্রাম করে ১০০ গ্রাম বিকেলে প্রয়োগ করতে হবে। তবে ছিটানো ওষুধ যেন গাছের গোড়া চুইয়ে মাটিতে পড়ে। ওষুধ দিয়েও প্রতিকার না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘পরামর্শ যথাযথভাবে না মানার কারণে কৃষকেরা হয়তো প্রতিকার পাচ্ছেন না।’