
ভারত আর চীনের পর এবার রাশিয়ার সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ। এ বছরের দ্বিতীয়ার্ধে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের ঢাকা সফরের সময় এ সম্পর্ককে কৌশলগত পর্যায়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দুই দেশ। দুই দেশের সম্পর্কের রাজনৈতিক ভিত্তি জোরদারের অংশ হিসেবে এপ্রিলে দ্বিপক্ষীয় সফরে মস্কো যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই দেশের সম্পর্ককে নতুন পর্যায়ে নেওয়ার যে উদ্যোগ চলছে, তাতে বাণিজ্যের চেয়ে রাজনীতি, জ্বালানি ও কৌশলগত সহযোগিতার বিষয়গুলোতে দুই পক্ষ বেশি মনোযোগ দিচ্ছে। দিমিত্রি মেদভেদেভের ঢাকা সফরের সময় যাতে এ নিয়ে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই করা যায়, তার প্রস্তুতি নিচ্ছে দুই দেশ। আগামী আগস্টে রাশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর আয়োজনের কথা ভাবা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ১১ এপ্রিল তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন। ১২ এপ্রিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠকে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে প্রতিষ্ঠিত সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার বিষয়ে আলোচনা হবে। সেই সঙ্গে আলোচনা হবে দিমিত্রি মেদভেদেভের ঢাকা সফর নিয়েও। দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে তথ্য, গণমাধ্যম ও সংস্কৃতি বিনিময়ের কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।
মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গত সপ্তাহে প্রথম আলোকে জানান, গত বছরের জুলাইতে মঙ্গোলিয়ায় শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় ঢাকায় আসার আগ্রহ দেখান দিমিত্রি মেদভেদেভ। সে অনুযায়ী গত সেপ্টেম্বরে এশিয়া সফরের সময় সংক্ষিপ্ত সময়ের জন্য তাঁর ঢাকা সফরের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অক্টোবরে ভারতের গোয়ায় ব্রিকস-বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলে পিছিয়ে যায় দিমিত্রি মেদভেদেভের ঢাকা সফর। এখন সফরটি হতে যাচ্ছে এ বছরের দ্বিতীয়ার্ধে এবং তা হবে কয়েক দিনের জন্য।
রাশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফরের প্রস্তুতি নিয়ে গতকাল মঙ্গলবার সকালে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সভাপতিত্বে এক আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দুই সফরের সময় কোথায় কোথায় সহযোগিতা বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে সইয়ের জন্য অপেক্ষমাণ প্রায় ২০টি চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মত নেওয়া হয়েছে।
জানতে চাইলে শহীদুল হক তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, পররাষ্ট্রমন্ত্রী এপ্রিলে মস্কো সফরে গেলে রাশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফরের ব্যাপারে অগ্রগতি হবে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠেয় আলোচনাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি প্রত্যাশা করা হচ্ছে।
রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠায় ২০১৫ সালের ডিসেম্বরে রাশিয়ার সঙ্গে সাধারণ চুক্তি সই হয়েছে। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বাস্তবায়নের জন্য জ্বালানি সরবরাহ, ব্যবহৃত জ্বালানি ফেরত নেওয়া, অবকাঠামো ও জনবল তৈরিতে সহযোগিতা এবং প্রয়োজনে যেকোনো ধরনের সহযোগিতার বিষয়ে অন্তত চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই বাকি আছে। দিমিত্রি মেদভেদেভের ঢাকা সফরের সময় এগুলো সইয়ের বিষয়ে প্রস্তুতি নিচ্ছে দুই দেশ।
ঢাকার কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে স্থাপিত বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক আবেগ আর উষ্ণতার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন, স্নায়ুযুদ্ধ-উত্তর বিশ্বের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের পতনসহ নানা কারণে ঢাকা-মস্কো সম্পর্কে ভাটা পড়ে। অন্যদিকে বিশ্বে নতুন শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠার জন্য সময় নিয়েছে রাশিয়াও। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর দুই দেশ সম্পর্ক ঘনিষ্ঠ করার ব্যাপারে মনোযোগ দিয়ে আসছে। এ সময় বিদ্যুৎ, জ্বালানির পাশাপাশি প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা অনেক বেড়েছে। রাশিয়ার কাছ থেকে রাষ্ট্রীয় ঋণে প্রায় আট হাজার কোটি টাকার সমরাস্ত্র কেনা হয়েছে।
অন্যদিকে বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব সব সময় উচ্চকণ্ঠ হলেও এসব নিয়ে কখনো কথা বলেনি রাশিয়া। কারণ, রাজনীতির বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে গণ্য করে দেশটি। তাই বিএনপির বর্জনে ২১০৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনে মস্কোকে শক্তভাবে পাশে পাওয়াটা বর্তমান সরকারের জন্য বড় পাওয়া। ওই নির্বাচনের পর ভারত যেমন শক্তভাবে সরকারের পাশে থেকেছে, সঙ্গে থেকেছে রাশিয়া ও চীন। ফলে ভারতের পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিবিড় করাটাকে সরকার অগ্রাধিকার হিসেবে নিয়েছে।