মস্তকবিহীন লাশ উদ্ধার
রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে গতকাল শনিবার দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) সরোয়ার আলম খান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে গতকাল দুপুর ১২টার দিকে পূর্ব শেওড়াপাড়ার একটি পাঁচতলা ভবনের উত্তর পাশে খালি প্লট থেকে ওই লাশ উদ্ধার করা হয়। লাশটি প্রথমে একটি ত্রিপল দিয়ে ও পরে একটি চাদর দিয়ে পেঁচানো অবস্থায় ছিল। পাশেই পড়ে ছিল ময়লা-আবর্জনার একটি ঝুড়ি।
এসআই বলেন, সকালে কয়েকজন টোকাই ওই ঝুড়ি নিতে গিয়ে ত্রিপল পেঁচানো লাশটি দেখে স্থানীয় কয়েকজনকে জানায়। স্থানীয় লোকজন পরে পুলিশে খবর দেন। লাশটির পরনে একটি কালো রঙের প্যান্ট ও সাদা গেঞ্জি ছিল। গেঞ্জিটি রক্তমাখা। ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁকে খুন করার পর ওই ময়লার ঝুড়িতে করে এনে ওই স্থানে ফেলে রেখে গেছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। ওই ব্যক্তির পরিচয় ও ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের জন্য তদন্ত চলছে।