মস্তিষ্কপ্রদাহে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু
মস্তিষ্কপ্রদাহ (এনকেফালাইটিস) রোগে আক্রান্ত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শিশু গত শুক্রবার রাতে মারা গেছে। তার নাম রিয়াজ (৬)।রিয়াজ বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামের মীর কাশেম আলীর ছেলে। এদিকে জয়পুরহাটের আক্রান্ত আরেক শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই রোগে বগুড়ার শজিমেক হাসপাতালে জয়পুরহাট সদরের সরদারপাড়ার আলম মণ্ডলের ছেলে অনিক (৭) শুক্রবার ভোরে মারা যায়। চিকিৎসকেরা বলছেন, তাদের মধ্যে ‘নিপাহ’ ভাইরাসজনিত রোগের বিভিন্ন উপসর্গ দেখা গেছে। শজিমেক হাসপাতালের চিকিৎসক গোলাম মোস্তফা শিশু রিয়াজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। চিকিৎসক গোলাম মোস্তফা আরও জানান, ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ দলের বগুড়ায় আসার কথা রয়েছে। ওই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এসব রোগীর নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে। নমুনা পরীক্ষা করে জানা যাবে, এটা নিপাহ ভাইরাস কি না। হাসপাতালের শিশু বিশেষজ্ঞ শওকত জামিল বলেন, এটি ভাইরাসজনিত রোগ। আক্রান্তদের সবাই খেজুরের রস পান করেছিল। এই রসে সম্ভবত বাদুড়ের বমি বা লালা ছিল, যা থেকে তারা আক্রান্ত হয়ে থাকতে পারে। প্রচণ্ড জ্বর ও শরীরে খিঁচুনি শুরু হওয়ায় জয়পুরহাট সদরের চকদাদরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে তৌহিদুল ইসলামকে (৭) গত শুক্রবার রাতে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।