মস্তিষ্কপ্রদাহে আক্রান্ত এক শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মস্তিষ্কপ্রদাহ (এনকেফালাইটিস) রোগে আক্রান্ত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু মো. অনিক (৭) গতকাল শুক্রবার ভোরে মারা গেছে। চিকিৎসকেরা বলছেন, অনিকের মধ্যে ‘নিপাহ’ ভাইরাসজনিত রোগের বিভিন্ন উপসর্গ দেখা গিয়েছিল।হাসপাতাল ও অনিকের পরিবার সূত্র জানায়, জয়পুরহাট সদরের সরদারপাড়া এলাকার বাসিন্দা আলম মণ্ডলের ছেলে অনিক গত মঙ্গলবার জ্বর ও খিঁচুনিতে আক্রান্ত হয়। অনিককে গত বৃহস্পতিবার সকালে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেছে ভর্তি করা হয়। একই রোগে আক্রান্ত আরও দুই শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে অনিকের চাচাতো বোন মরিয়ম (৭) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামের মীর কাশেম আলীর ছেলে রিয়াজকে (৬) জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এই তিন শিশু খেজুরের রস পান করে অসুস্থ হয়েছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ শওকত জামিল বলেন, ‘আমাদের এখানে নিপাহ ভাইরাস শনাক্ত করার মতো কোনো ব্যবস্থা নেই। তবে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ অনিকের মধ্যে দেখা গিয়েছিল। তাই শিশুটির মৃত্যুর কারণ নিপাহ ভাইরাস বলে ধারণা করা হচ্ছে।’জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সামছুজ্জোহা বলেন, এনকেফালাইটিস রোগটি সাধারণত ব্যাকটেরিয়া ও ভাইরাসের মাধ্যমে ছড়ায়। আক্রান্তদের সবাই খেজুরের রস পান করেছিল। এই রসে সম্ভবত বাদুড়ের বমি অথবা লালা ছিল, যা থেকে ওই শিশুরা ভাইরাসে আক্রান্ত হয় বলে ধারণা করা হচ্ছে।