
বরগুনায় পিটিয়ে মেরে ফেলা শিশু রবিউলের মাথা, চোখ ও মুখে তিনটি গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আর এসব আঘাতে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ে শিশুটি।
জেলার তালতলী উপজেলার আমখোলা গ্রামের নিহত শিশু রবিউল আউয়ালের লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে এ কথা উল্লেখ করেছেন চিকিৎসকেরা। ময়নাতদন্তকারী দলের সদস্য ও বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মোরশেদুল ইসলাম গতকাল রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার দুপুরে ওই ময়নাতদন্ত হয়। বরগুনা জেনারেল হাসপাতালের তিনজন চিকিৎসকের একটি দল রবিউলের লাশের ময়নাতদন্ত করেন। পরে শনিবার তাঁরা ময়নাতদন্ত প্রতিবেদন জেলা সিভিল সার্জন ও পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে পাঠিয়ে দেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, শিশু রবিউলের মাথার বাঁ পাশ, বাঁ চোখ ও মুখের বাঁ পাশে শক্ত ও ভোঁতা অস্ত্র দিয়ে সজোরে আঘাত করা হয়েছে। গুরুতর এই আঘাতের কারণে বাঁ চোখ ও চোখের উপরের অংশ গুরুতর জখম হয়ে প্রচণ্ড ফুলে যায়। মাথা-চোখে গুরুতর আঘাতের কারণে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এতেই মারা যায় রবিউল।
এ বিষয়ে রবিউলের বাবা দুলাল মৃধার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়ার কথা জানি না। কেউ আমাকে বলেওনি।’ প্রতিবেদনের বিস্তারিত বলার পর তিনি বলেন, ‘মামলার আসামি মিরাজ যেখানে বসে রবিউলকে আঘাত করেছে বলে আদালতে জবানবন্দি দিয়েছে, সেখানে পরদিন কোনো রক্তের চিহ্ন ছিল না। রবিউল যেদিন রাতে (সোমবার) নিখোঁজ হয়, সেদিন রাত আটটার দিকে মিরাজকে আমার বাড়ির সামনে দা হাতে ঘোরাফেরা করতে দেখেছেন অনেকে। আমার ধারণা, রবিউলকে হত্যার জন্যই সে ওখানে এসেছিল। রাত নয়টার দিকে রবিউল ঘর থেকে বের হওয়ার পর ওকে ধরে নিয়ে যায় মিরাজ।’
এদিকেহত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল তালতলী উপজেলার লাউপাড়া বাজারে মানববন্ধন ও সমাবেশ করেছেন রবিউলের শিক্ষক, সহপাঠী ও এলাকার লোকজন। বেলা ১১টায় এ কর্মসূচিতে সোনাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনুচ ফরাজি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. খলিলুর রহমান, নিশানবাড়িয়া ইউপির চেয়ারম্যান মো. দুলাল ফরাজি, লাউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল আহম্মেদ, রবিউলের বাবা মো. দুলাল মৃধা প্রমুখ বক্তব্য দেন। কর্মসূচিতে প্রায় দেড় হাজার লোক অংশ নেন।
গত সোমবার রাতে নিখোঁজ হয় রবিউল। পরদিন স্থানীয় লখনার খালে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় বুধবার একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মিরাজ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।