মস্তিষ্কে রবীন্দ্রনাথ অন্তরে লালন
ফাদার মারিনো রিগন তখন অসুস্থ হয়ে ইতালিতে। চিকিত্সকেরা বলেছেন, ওপেন হার্ট সার্জারি করতে হবে। ফাদারের পরিবারের সদস্যরা বললেন, ‘ওপেন হার্ট সার্জারি করতে হলে করেন।’ কিন্তু বেঁকে বসলেন ফাদার রিগন। তিনি বললেন, ‘না। এখানে আমি করাব না। যদি করতে হয় তবে বাংলাদেশে করাব। যদি মারা যাই, বাংলাদেশে মরব।’ একজন ইতালিয় বাঙালিদের চেয়েও অনেক বেশি, অনেক বড় বাঙালি হয়ে উঠলেন তিনি।ফাদার মারিনো রিগন সম্পর্কে এভাবে নিজের বক্তব্য তুলে ধরলেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার।গতকাল শনিবার বিকেলে গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে বাংলা সাহিত্যের বিশিষ্ট ইতালীয় অনুবাদক, মুক্তিযোদ্ধা ফাদার মারিনো রিগনের সদ্য প্রকাশিত গ্রন্থ আমার প্রিয় লালনগীতির মোড়ক উন্মোচন করেন মুস্তাফা মনোয়ার।বাংলা ও ইতালীয় ভাষায় ফাদার রিগন তাঁর প্রিয় এক শ লালনের গান নিয়ে এ গ্রন্থ প্রকাশ করেন। ইতালীয় ভাষায় এই গ্রন্থের নামকরণ করা হয়েছে আই কান্তি ডি লালন। একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লিমিটেড থেকে প্রকাশিত এই গ্রন্থের মূল্য ৪০০ টাকা। লালন-গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যসচিব কামাল চৌধুরী। শুরুতে মোড়ক উন্মোচন পর্ষদের পক্ষে বক্তব্য দেন রবিশঙ্কর মৈত্রী ও কাব্য কামরুল।ফাদার রিগন বললেন, ‘রবীন্দ্রনাথ আমার মস্তিষ্কে আর লালন আমার অন্তরে।’ফাদার রিগনই হচ্ছেন প্রথম ইতালীয় অনুবাদক, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ সরাসরি বাংলা থেকে ইতালীয় ভাষায় অনুবাদ করেছেন। এ ছাড়া রবীন্দ্রনাথের ৪০টি কাব্যগ্রন্থ, লালনের ৩৫০টি গান, জসীমউদ্দীনের ‘নকশীকাঁথার মাঠ’ ও ‘সোজন বাদিয়ার ঘাট’ ছাড়াও এ দেশের গুরুত্বপূর্ণ কবিদের অসংখ্য কবিতা অনুবাদ করেন। সেই ১৯৫৩ সাল থেকে এখনো বাংলাদেশে কাজ করে যাচ্ছেন এই খ্রিষ্ট সন্ন্যাসী; যাঁর চার্চে রবীন্দ্রনাথের গান যেমন বাজে তেমনি বাজে লালনের গানও।লালনকে যাঁর এত ভালো লাগে তাঁর গ্রন্থ নিয়ে অনুষ্ঠানে তাই ছিল লালনের গান। টুনটুন বাউল গাইলেন, ‘ঐ চরণের দাসের যোগ্য নই’, ‘লণ্ঠনে রূপের বাতি’, ‘স্বরূপে রূপ আছে’সহ আরও কয়েকটি লালনের গান। গাইলেন মুক্তার বাউল ও সাগর বাউল।স্বাধীনতা উত্সব অনুষ্ঠানে উদীচীর পরিবেশনাকখনো কবিতা, কখনো গান; ছিল নাটকও। কানায় কানায় পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বর। কেউ এসেছেন একা, কেউ এসেছেন পরিবারের সবাইকে নিয়ে। সবার মধ্যেই উত্সবের আমেজ। সেক্টর কমান্ডারস ফোরাম ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের যৌথ আয়োজনে ১৮ দিনের স্বাধীনতা উত্সবের গতকাল শনিবার ছিল উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনা। বিকেল পাঁচটা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে এ অনুষ্ঠান। দলীয় সংগীত পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদ, নাটক পরিবেশন করে উদীচী নারায়ণগঞ্জ জেলা সংসদ এবং দলীয় আবৃত্তি পরিবেশন করেন উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিল্পীরা। এ ছাড়া একক আবৃত্তিতে জিয়াউল ইসলাম ও পিন্টু শাহ এবং একক সংগীত পরিবেশন করেন শাহীন মাহমুদ, সুরাইয়া পারভীন, নিহার রঞ্জন হাওলাদার, রবিউল ইসলাম ও শামীম আল মামুন।সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ জানান, ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক দলের শিল্পীরা স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে গান, কবিতা, আবৃত্তি ও নাটক পরিবেশন করবেন।সম্মিলিত সাংস্কৃতিক জোটের অভিযাত্রাযুদ্ধাপরাধীদের বিচারে ঐক্যবদ্ধ জাতি—এই স্লোগান নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ঢাকা থেকে চট্টগ্রাম অভিযাত্রা শুরু হয়েছে। গতকাল সকাল নয়টায় টিএসসি থেকে এ যাত্রা শুরু হয়। এই অভিযাত্রার প্রথম দিনের প্রথম সমাবেশ অনুষ্ঠিত হয় সোনারগাঁ বাসস্ট্যান্ডে। এরপর দ্বিতীয় সমাবেশ অনুষ্ঠিত হয় দুপুর সাড়ে ১২টায় গৌরীপুরের দাউদকান্দি মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজ মাঠে। এরপর তৃতীয় সমাবেশ হয় চান্দিনা মহিলা ডিগ্রি কলেজে দুপুর দুইটায়। সাংস্কৃতিক অভিযাত্রা দলের নেতৃত্ব দিচ্ছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ। অভিযাত্রা চলবে ১৪ মার্চ পর্যন্ত।নারী দিবসের চিত্র প্রদর্শনীআন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও পারপেল ম্যাগাজিন যৌথভাবে আয়োজন করেছে ‘সেলিব্রেটিং উইমেনহুড’ শিরোনামে চিত্র প্রদর্শনী। গুলশানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান শাখার গ্যালারিতে এই চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে ৭ মার্চ থেকে; চলবে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা এবং সন্ধে ছয়টা থেকে রাত আটটা। প্রদর্শনীতে শিল্পী হাশেম খান, সৈয়দ জাহাঙ্গীর, শহীদ কবির, আবদুস শাকুর শাহ, রোকেয়া সুলতানা, মিগুয়েল অলিভার, নিসার হোসেন, মো. মনিরুজ্জামান, আহমেদ নাজিরসহ ১৭ জন শিল্পীর ১৯টি চিত্রকর্ম রয়েছে। বিভিন্ন অঙ্গনের তারকাদের লেখাকে কেন্দ্র করে শিল্পীরা এঁকেছেন এসব চিত্রকর্ম। তারকারা হলেন: গীতি আরা সাফিয়া, সুবর্ণা মুস্তাফা, রেজওয়ানা চৌধুরী বন্যা, আইয়ুব বাচ্চু, শাকিলা জাফর, কুমার বিশ্বজিত্, শমী কায়সার, নোবেল প্রমুখ। আয়োজকেরা জানান, চিত্রকর্মগুলোর বিক্রয়লব্ধ অর্থ দিয়ে অসচ্ছল নারীদের সেলাই প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রমে সহায়তা করা হবে।