মস্তিষ্কের মৃত্যুর পর অঙ্গপ্রত্যঙ্গ অন্যকে দান করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মানবদেহে সংযোজনের জন্য অঙ্গপ্রত্যঙ্গ দানকে উৎসাহিত করতে আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। মানুষের মস্তিষ্কের মৃত্যুর (ব্রেইন ডেথ) পর তাঁর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ অসুস্থ ব্যক্তির দেহে সংযোজন করার সুযোগ থাকছে এ আইনে। মূলত ওই ব্যক্তির বা তাঁর উত্তরাধিকারের সম্মতিতে অঙ্গপ্রত্যঙ্গ অন্যকে দান করা যাবে।
কিডনি, হৃৎপিণ্ড, যকৃৎ, অগ্ন্যাশয়, অস্থি, অস্থিমজ্জা, চোখ, চামড়া, টিস্যুসহ মানবদেহে সংযোজনযোগ্য যেকোনো অঙ্গপ্রত্যঙ্গ সংযোজনের ক্ষেত্রে ওই আইনটি অনুসরণ করতে হবে। এ মুহূর্তে মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন আইন, ১৯৯৯-এর আওতায় জীবিত ব্যক্তিরা তাঁদের কিডনি ও যকৃৎ প্রতিস্থাপনের জন্য দান করতে পারেন। এ ছাড়া মরণোত্তর চক্ষুদানেরও সুযোগ রয়েছে। তবে সংযোজনের জন্য অন্য অঙ্গপ্রত্যঙ্গ দান এখনো শুরু হয়নি।
মস্তিষ্কের কার্যকারিতা সম্পূর্ণ লোপ পাওয়ার অবস্থাকে চিকিৎসাবিজ্ঞানে ব্রেইন ডেথ বলা হয়। এই অবস্থা থেকে রোগীর আর বেঁচে ওঠার কোনো সম্ভাবনা থাকে না। তবে এমন পরিস্থিতিতেও হৃৎপিণ্ড সচল থাকতে পারে। ধীরে ধীরে অবশ্য অন্য অঙ্গপ্রত্যঙ্গ কার্যকারিতা হারায়।
আইনের প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছে, ১৮ বছরের ওপরে এবং ৬৫ বছর বয়সের নিচে আগ্রহী ব্যক্তি তাঁর অঙ্গপ্রত্যঙ্গ কে পাবেন, তা তাঁর জীবদ্দশায় লিখে রেখে (উইল) যেতে পারবেন। কেউ যদি আগে থেকে উইল না করে যান, ব্রেইন ডেথ ঘোষণার পর তাঁর আইনানুগ উত্তরাধিকারী লিখিত অনুমতি দিতে পারেন। এ ছাড়া কোনো ব্যক্তির মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে কেউ যদি মৃতদেহ দাবি না করে, সে ক্ষেত্রে মৃতদেহের প্রশাসনিক কর্তৃত্ব (সাধারণত জেলা প্রশাসক) যাঁর ওপর, তিনি বা তাঁর মনোনীত ব্যক্তি অনুমতি দিতে পারবেন।
এর বাইরে অঙ্গপ্রত্যঙ্গ প্রয়োজন রয়েছে এমন অসুস্থ ব্যক্তিদের তালিকা বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য অধিদপ্তরে সংরক্ষণ করা হবে। নিবন্ধন তালিকার ক্রম অনুযায়ী এবং বয়স, অসুস্থতার মাত্রা ও জীবনরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে সংযোজনের কাজটি করা হবে।
বাংলাদেশে পদ্ধতিটিকে জনপ্রিয় করতে ১৯ সদস্যবিশিষ্ট একটি জাতীয় কমিটি গঠনের কথাও বলা হয়েছে প্রস্তাবিত আইনে।
জানতে চাইলে স্বাস্থ্যসচিব এম নিয়াজউদ্দিন প্রথম আলোকে জানান, আইনের খসড়া চূড়ান্ত। আশা করা হচ্ছে, মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদের আগামী অধিবেশনেই এটি পাস হবে।
প্রস্তাবিত সংশোধিত আইনে কোনো ব্যক্তির ব্রেইন ডেথ ঘোষণার ক্ষমতা দেওয়া হয়েছে মেডিসিন, নিউরোলজি অথবা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে বিশেষজ্ঞ কমপক্ষে তিনজন চিকিৎসককে। তাঁরা যৌথভাবে ব্রেইন ডেথ ঘোষণা করবেন। এর বাইরে যে হাসপাতালে রোগী চিকিৎসাধীন থাকবেন, সেই হাসপাতালের মেডিকেল বোর্ড ব্রেইন ডেথ ঘোষণা করবে। প্রয়োজনে অন্য একটি প্রতিষ্ঠানের একই মর্যাদাসম্পন্ন কমিটির মতামত নিতে হবে। তবে ব্রেইন ডেথ যে চিকিৎসকেরা ঘোষণা করবেন, তিনি বা তাঁর স্বজনেরা কোনোভাবে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।
ব্রেইন ডেথ সম্পর্কে আইনে বলা হয়েছে, যাঁর শরীর থেকে অঙ্গপ্রত্যঙ্গ নেওয়া হবে, তাঁকে কমপক্ষে ১২ ঘণ্টা অবিরাম সংজ্ঞাহীন (কোমায়) থাকতে হবে। তাঁর স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস থাকবে না। তাঁকে ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস সঞ্চালন করা হবে। কিন্তু হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধের কারণে কোমা হলে ৩৬ ঘণ্টা সময় পার না হওয়া পর্যন্ত ব্রেইন ডেথ ঘোষণা করা যাবে না।
খোঁজখবর নিয়ে জানা গেছে, বাংলাদেশের শীর্ষ কিডনি বিশেষজ্ঞরাই মূলত আইনটি সংশোধনের পরামর্শ দেন। বেশ কয়েকজন কিডনি বিশেষজ্ঞ প্রথম আলোকে বলেছেন, ২০১১ সালে কিডনি কেনাবেচার খবর গণমাধ্যমে প্রকাশের পর থেকেই কিডনি প্রতিস্থাপনের সংখ্যা কমে আসে। মূলত বিকল্প খুঁজতেই ব্রেইন ডেথ হওয়ার পর অঙ্গপ্রত্যঙ্গ সংগ্রহকে (ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্টেশন) উৎসাহ দিতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। আইনটির নাম হবে মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন (সংশোধিত) আইন, ২০১২।
এই উদ্যোগের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), জাতীয় কিডনি ইনস্টিটিউট, কিডনি ফাউন্ডেশন, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন, ট্রান্সপ্ল্যান্ট সোসাইটি অব বাংলাদেশ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস ও ঢাকা মেডিকেল কলেজ।
তবে ২০১০ সালে বারডেম হাসপাতালে প্রথম সফলভাবে যকৃৎ প্রতিস্থাপনের সঙ্গে যুক্ত একজন বিশেষজ্ঞ চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেছেন, যে দেশে আইনের শাসন নেই, সে দেশের জন্য এমন আইনের অপব্যবহারের সুযোগ থাকবে। ক্ষমতা যার হাতে, সে ইচ্ছে করলেই একে নিজের স্বার্থে ব্যবহার করতে পারে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় কিডনি রোগ বিশেষজ্ঞ হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, ‘১৯৯৯ সালে বাংলাদেশে প্রথম মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন আইন করা হয়। ওই আইনেও ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্টেশনের উল্লেখ ছিল। কিন্তু বিধিবিধান তৈরি না হওয়ায় এবং আইনের কিছু সীমাবদ্ধতা থাকায় তা কার্যকর হয়নি। এ ছাড়া আমরাও জীবিত ব্যক্তির কাছ থেকে কিডনি সংগ্রহকে বেশি গুরুত্ব দিচ্ছিলাম।’
বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের তথ্যমতে, দেশে দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্তের সংখ্যা এক কোটি ৮০ লাখ। প্রতিবছর প্রায় ২০ হাজার রোগীর কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হয়। এর বিপরীতে প্রতিবছর এক থেকে দেড় শ রোগীর কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে। বাকিদের সপ্তাহে দুই থেকে তিনবার ডায়ালাইসিস করতে হয়। এ জন্য বেসরকারি ব্যবস্থাপনায় প্রতিবার খরচ পড়ে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা। আর সরকারি হাসপাতালে খরচ হয় সব মিলিয়ে হাজার খানেক টাকা।
জাতীয় কিডনি ইনস্টিটিউটের পরিচালক জামানুল ইসলাম ভূঁইয়া বলছেন, উন্নত দেশগুলোয় ব্রেইন ডেথের পর অঙ্গপ্রত্যঙ্গ সংগ্রহের হার এখন অনেক বেশি। ভারতেও এ প্রক্রিয়াটি ক্রমেই জনপ্রিয় হচ্ছে। সৌদি আরবসহ বেশ কিছু মুসলিম দেশে এখন এ প্রক্রিয়াটি বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে।
আশির দশকের শুরুর দিকে সৌদি আরবে অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনে আইন করা হয়। দেশটির ইসলামিক কাউন্সিল (জ্যেষ্ঠ ওলামাদের কমিশন) জীবন্ত ও মৃত মানুষের দেহ থেকে অঙ্গপ্রত্যঙ্গ সংগ্রহে কোনো বাধা নেই বলে সিদ্ধান্ত দেয়। [সূত্র: আমেরিকান জার্নাল অব কিডনি ডিজিজ-২০১২]